সুলতান পদক পেলেন শিল্পী কালিদাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে শিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। মেলার শেষ দিনে গতকাল বুধবার চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে সুলতান পদক দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত এ মেলায় লাঠিখেলা, কুস্তি, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ষাঁড়ের লড়াই, ঘোড়াগাড়ি দৌড়, শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব লোকজ উৎসবের পাশাপাশি পরিবেশন করা হয় জারি ও কবিগান। মেলার পৃষ্ঠপোষক ছিল বেসরকারি সংস্থা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক আবদুল গাফফার খান সভায় সভাপতিত্ব করেন।