সুলতান গ্রামের খেটে খাওয়া মানুষের পেশিবহুল ছবি এঁকে বিশ্বদরবারে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। তিনি এ দেশের গর্ব। নড়াইলে প্রতিষ্ঠিত এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়কে সরকারীকরণ বা শিক্ষকদের এমপিওভুক্তির জন্য চেষ্টা করা হবে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান মেলা উদ্বোধনের সময় গতকাল সোমবার বিকেলে কথাগুলো বলছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান, নড়াইল পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।
এস এম সুলতানের জন্ম ১০ আগস্ট। ১৯৯২ সাল থেকে ওই দিনে সুলতান মেলার আয়োজন করা হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়।
মেলার আয়োজক সূত্র জানায়, মেলায় সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার ছাড়াও থাকছে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, লাঠিখেলা, হাডুডু, ভলিবল, দড়ি টানাটানিসহ নানা অনুষ্ঠান।