সুলতান মনসুরের বাড়িতে শোক দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে শুভেচ্ছা কার্ড বিতরণের পর আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজনীতিবিদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মৌলভীবাজারের কুলাউড়ার গোবিন্দপুর গ্রামে তাঁর বাড়িতে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। এ আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে তাঁকে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার একাংশ) থেকে প্রার্থী হবেন।

এলাকার অনেকে জানান, সুলতান মোহাম্মদ মনসুর ঈদের শুভেচ্ছা জানিয়ে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে ঈদ কার্ড পাঠান। গণমাধ্যমকর্মীরাও কার্ড পেয়েছেন। কার্ডে সবার সুখ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকা কুলাউড়া ও কমলগঞ্জের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ওই কার্ডে তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর বাড়িতে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। কার্ডে তাঁর পরিচিতিতে বলা হয়েছে, সাবেক সাংসদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকসু ভিপি ও সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা জানান, দলের নির্বাহী কমিটি থেকে বাদ পড়ার পর আস্তে আস্তে অনেকটাই সুলতান মোহাম্মদ মনসুর নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁর উদ্যোগে এটাই বড় কোনো আয়োজন। এ কারণে অনেকের মধ্যে কৌতূহল আছে।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সুলতান মোহাম্মদ মনসুরের এ আয়োজন সম্পূর্ণ ব্যক্তিগত। শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী হওয়ার জন্য এ আয়োজন—এটা ভুল কথা। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করেছি। রাজনীতি যখন করি, তখন অবশ্যই নির্বাচন করব।