সুলতান মেলা শেষ, পদক পেলেন শিল্পী হামিদুজ্জামান
নড়াইলে আট দিনব্যাপী সুলতান মেলা রোববার শেষ হয়েছে। মেলায় এবার সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটে। শিল্পীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ জানুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা বিভাগের সাবেক অধ্যাপক শিল্পী হামিদুজ্জামান খানকে এবার সুলতান পদকে ভূষিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরুন কুমার মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী মাহাতাব উদ্দীন আহম্মেদ, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টের পরিচালক শিল্পী সুবির চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান।হামিদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘সুলতানের মতো এত বড় মাপের একজন গুণী শিল্পীর নামাঙ্কিত পদক পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে হচ্ছে।’ তিনি জানান, সুলতান মেলাকে আরও আগেই জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা উচিত ছিল। গতানুগতিক না হয়ে এ মেলা চারু ও কারুশিল্পীদের মেলা হওয়া দরকার।