সুলতান মোহাম্মদ মনসুরের জমি আছে, আয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান মনসুর
সুলতান মনসুর

সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ছয় একর কৃষিজমি আছে মৌলভীবাজারের কুলাউড়ায়। তবে সেই জমি থেকে তাঁর কোনো আয়-উপার্জন নেই। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় সে কথাই বলেছেন তিনি। ওই   হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যায়, সাবেক এই ডাকসু নেতার নিয়মিত আয়ও নেই।

সুলতান মোহাম্মদ মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে মৌলভীবাজার-২ আসনে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, কৃষি, বাড়িভাড়া, ব্যবসা, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত, চাকরি বা অন্য কোনো খাত থেকে তাঁর কোনো আয় নেই। তবে তাঁর ওপর নির্ভরশীলদের আয় ৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এই আয় বছরে, নাকি মাসে তা হলফনামায় দেওয়া তথ্য থেকে স্পষ্ট হওয়া যায় না।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নগদ টাকা আছে ৫৫ লাখ। একই পরিমাণ টাকার সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আছে তাঁর। আর যে আসবাব আছে, তার আর্থিক মূল্য দুই লাখ টাকা মাত্র।

সুলতান মোহাম্মদ মনসুরের পরিবারে একটি টয়োটা গাড়ি আছে। গাড়িটির মূল্য ২০ লাখ টাকা। তবে গাড়ির মালিক এই সাবেক আওয়ামী লীগ নেতা নন। মালিক তাঁর স্ত্রী। স্ত্রীর সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ২৫ লাখ টাকা। পরিবারে লাখ টাকা মূল্যের যে ইলেকট্রনিক সামগ্রী আছে, তাও স্ত্রীর নামে। স্ত্রীর আর আছে সাত শতক জমি আর ২০ ভরি স্বর্ণ। এই স্বর্ণ তিনি পেয়েছিলেন বিয়ের দান হিসেবে।

গাড়ি যেমন স্ত্রীর, একটি বাড়ি আছে, সেটির মালিকও স্ত্রী। বাড়িটির আর্থিক মূল্য ৩০ লাখ টাকা। তবে তিনটি দালানের ৯ দশমিক ৫ অংশের মালিক সুলতান মোহাম্মদ মনসুর। এর আর্থিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ১৫৭ টাকা। হলফনামায় সুলতান মোহাম্মদ মনসুর পেশা হিসেবে ‘সমাজকর্মী’ উল্লেখ করেছেন।