নরসিংদী পৌরসভার মেয়র পদে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লাকে সমর্থন দিয়েছে দলটি। গতকাল শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ঠিক হয়নি। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নরসিংদী পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করার দায়িত্ব পাওয়া মনোনয়ন কমিটির সদস্যরা। প্রার্থী সমর্থনে তাঁরা প্রধানমন্ত্রীর সহায়তা চাইবেন বলে জানা গেছে। ওই সাক্ষাতের পর জানা যাবে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর নাম।এদিকে নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ওই আলোচনা সভা হয়। সভায় নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কী ব্যবহার করবেন, কীভাবে করবেন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। আলোচনা সভায় নিহত পৌর মেয়র লোকমান হোসেনের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ নির্বাচনী আইনের ব্যাখ্যা দিয়ে বলেন, প্রার্থী কোনো অপরাধে আদালত কর্তৃক দোষী হওয়ার আগ পর্যন্ত তিনি বিধিমতো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এতে আইনের কোনো প্রতিবন্ধকতা নেই। সভায় জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রডিক্সসহ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।এবারের নরসিংদী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ প্রার্থী। এর মধ্যে সাতজন আওয়ামী লীগ ও তিনজন বিএনপির সমর্থন চেয়েছেন। অন্য দুই প্রার্থীর রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।গতকাল বিএনপির নেতা সুলতান উদ্দিন মোল্লাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় বিএনপি। ঘোষণা দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, দলের পক্ষ থেকে সুলতানকে সমর্থন দেওয়া হয়েছে। অন্য দুজনের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আশা করি, নরসিংদীবাসীর কাছে গ্রহণযোগ্য এমন প্রার্থীকেই নেত্রী সমর্থন জানাবেন।’