সুলতানা কামালকে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হেফাজতে ইসলাম বাংলাদেশের হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার ও সামাজিক সংগঠন। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলো সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানায়।

১৯টি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার, পেশাজীবী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এক বিবৃতিতে বলেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ সম্পর্কে সুলতানা কামালের দেওয়া বক্তব্যের অপব্যাখ্যা করে তাঁর ওপর আক্রমণের হুমকি ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এর তীব্র প্রতিবাদ জানিয়ে সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে এইচআরএফবি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিবৃতিতে বলা হয়, হেফাজতের কাছে সরকারের নতি স্বীকারের ফলে তাদের দাবিদাওয়া ক্রমাগত উগ্র হয়ে উঠেছে। তারা দেশের বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মনগড়া, বানোয়াট, মিথ্যা অভিযোগ তুলে তাঁদের সম্মানহানির অপচেষ্টায় লিপ্ত। সুলতানা কামাল এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরসহ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানায় জাসদ (ইনু-শিরীন)। দলটির বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ মের তাণ্ডবকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এ ধরনের হিংসাত্মক হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

গত শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি জুনায়েদ আল হাবীব হুমকি দেন, সুলতানা কামাল রাস্তায় নামলে তাঁর ‘হাড্ডি-গোস্ত রাখা হবে না’। এই হেফাজত নেতা দাবি করেন, সুলতানা কামাল বলেছেন যে ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সুলতানা কামাল বলেছেন, তিনি এ ধরনের কথা বলেননি। তাঁর বক্তব্যকে হেফাজতে ইসলাম বিকৃতভাবে উপস্থাপন করছে।