সুলতানা কামালকে হুমকির প্রতিবাদে আরও নিন্দা, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল
সুলতানা কামাল

মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হেফাজতে ইসলাম বাংলাদেশের হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ কয়েক দিন ধরে চলে আসছে। গতকাল বুধবারও ৪৩ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন।

নিজেদের তাঁরা ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে ৪৩ জন’ বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৩০ মে বেসরকারি টেলিভিশনে আয়োজিত টক শোতে এক হেফাজতি অনুসারী ব্যক্তির কথার সূত্র ধরে ভাস্কর্য নিয়ে মানবাধিকারকর্মী সুলতানা কামালের বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, গত ২ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়ে তাঁকে গ্রেপ্তারের জন্য আল্টিমেটামও দেয় হেফাজতে ইসলাম।’

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা প্রয়োজন। মৌলবাদী এবং ধর্মের অপব্যবহারকারী এ ধরনের গোষ্ঠী ও তাদের অনুসারীদের একের পর এক অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা যাবে না।

বিবৃতিদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, নারী আন্দোলন কর্মী হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সংস্কৃতিকর্মী মফিদুল হক, লেখক সেলিনা হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক, সমাজকর্মী আরোমা দত্ত, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, মুক্তিযোদ্ধা রোকেয়া কবির, বিএনডব্লিউএলএর প্রতিনিধি সালমা আলী, তাসমিমা হোসেন, আমরাই পারি জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম ও এমবি আখতার, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, উন্নয়নকর্মী ফারাহ কবির, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের আহ্বায়ক নাসিমুন আরা হক মিনু, সমাজকর্মী জিয়াউদ্দীন তারিক আলী, মানবাধিকারকর্মী ফৌজিয়া খন্দকার ইভা, অর্থনীতিবিদ এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ।

সুলতানা কামালকে হুমকির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।