সম্পূরক বাজেটে অতিরিক্ত বরাদ্দ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টি (এরশাদ) ও একজন স্বতন্ত্র সাংসদ। তাঁরা বলেছেন, সুশাসন নিশ্চিত করা না গেলে বরাদ্দ দেওয়া যাবে না। এটা দিলে দুর্নীতিবাজদের হাতে তা চলে যাবে। দুর্নীতিবাজরা বিত্তবান হবে। গিরবের উপকারে আসবে না।
শেয়ারবাজারে ৩৩ হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করা এবং ব্যাংক লুটেরাদের ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার তীব্র বিরোিধতা করেন তাঁরা। একই সঙ্গে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় জনগণের অর্থের বরাদ্দ নিয়ে গুরুতর অভিযোগ এনে নতুন বরাদ্দের বিরোিধতা করেন তাঁরা।
তবে এর আগেই কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে আট হাজার ৬৬ কোটি টাকারও বেশি অর্থ অতিরিক্ত বরাদ্দ দেওয়া সঠিক হয়েছে বলেই মত দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গতকাল রোববার এসব আলোচনা হয়। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। তিনি একইসঙ্গে চলতি ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন। গতকাল এই সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সম্পূরক বাজেটের ওপর আলোচনার জন্য দুই দিন বরাদ্দ রয়েছে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৪৪০ কোটি টাকার বেশি অর্থ অতিরিক্ত বরাদ্দের বিরোিধতা করে বলেন, পুঁজিবাজারে ৩৩ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। যারা এই অর্থ লুটপাট করে নিয়ে গেছে তাদের বিষয়ে সরকার গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত কমিটি পরিষ্কার সুপারিশ করেছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফজলুর রহমান আরও বলেন, সুনামগঞ্জে হাসপাতাল আছে। কিন্তু চিকিৎসা-সেবা পাওয়া যায় না। হৃদরোগের কোনো বিশেষজ্ঞ নেই। আইসিইউ নেই। তাহলে কেন ৪৮৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে? তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে না পারলে এসব বরাদ্দ সব দুর্নীতিবাজদের বিত্তবান করবে। গিরবের উপকারে আসবে না।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সম্পূরক বাজেটের আলোচনায় বলেন, সরকারি দলের তোষামোদকারীদের পদোন্নতি হয়। আমলারা এ জন্য দক্ষ হন না। বিশ্বের বিভিন্ন দেশে আমলারা দেশকে এগিয়ে নেন, কিন্তু এ দেশে তা হয় না।
ব্যাংক খাতে সোনালী ও বেসিক ব্যাংকের নানা কাণ্ডকীর্তির কথা তুলে ধরে রুস্তম আলী ফরাজী আরও বলেন, আগে বড় ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করতেন না। ঋণ খেলাপিদের মানুষ ঘৃণা করে। আর আজ ব্যাংক লুট করা হচ্ছে। বেসিক ব্যাংকে এক-দুই কোটি নয়, এক হাজার-দুই হাজার-১০ হাজার কোটি টাকা নিয়ে গেল। পাঁচ হাজার টাকা নিতে কৃষককে কত চেষ্টা-তদবির করতে হয়। কত লোককে ধরতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে বলেন, তিনি শক্ত কথা বলেন। কিন্তু ডাক্তার রাখতে পারেন না। হাসপাতাল আছে-ডাক্তার নেই, নার্স নেই। হাসপাতালে বসে প্রাইভেট প্রাকটিস করেন। মন্ত্রী ব্যবস্থা নিতে পারেন না।
এর আগে মতিয়া চৌধুরী চলতি ২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ সম্পর্কে সন্দেহ প্রকাশকারীদের প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন। বলেন, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে স্বীকার করেছেন যে, লক্ষ্যমাত্রা অনুসারে ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি করা যায়নি। তার কারণ চলতি বছরের প্রথমভাগে বিএনপি-জামায়াত যে ধ্বংশযজ্ঞ চালায় তাতে প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হয়। এই কারণে চলতি বছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৬ দশমিক ১২ শতাংশ সাময়িকভাবে হিসাব করা হয়েছে। এ তথ্য কিছু গবেষণাপ্রতিষ্ঠান বিশ্বাস করতে চায় না। তাদের তিনি স্বতন্ত্রভাবে তথ্য সংগ্রহ করতে বলেন।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কিছু লোক বাজেটকে স্বপ্নবিলাস বলেছেন। যাঁরা দেশের উন্নতি চান না, আওয়ামী লীগকে সহ্য করতে পারেন না। তাঁদের জন্য এ বাজেট দুঃস্বপ্নের। আর কেউ কেউ লক্ষ্যবিলাস বলেছেন। তাঁদের মন্ত্রী ভ্রান্তবিলাস মন্তব্য করে বলেন, বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। কিতািব কথা-বার্তা বলছেন।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী দলীয় সাংসদ বেগম নূর বেগম। অধিবেশন আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত মূলতবি করা হয়েছে।