প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সুশাসন না থাকলে দেশে দুর্নীতি হয়। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঘাপটি মেরে থাকা স্বাধীনতার শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হলে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন এই বইমেলার আয়োজন করেছে। এইচ টি ইমাম আরও বলেন, জিয়াউর রহমানের অস্তিত্ব রক্ষার স্বার্থেই বিএনপি তাঁকে স্বাধীনতার ঘোষক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। দেশে-বিদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই স্বাধীনতার স্থপতি হিসেবে লেখা রয়েছে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী, জেলা প্রশাসক মো. সামছুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান।