বাংলাদেশে সুশাসন আর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আর্থসামাজিক শক্তি ও দেশজ প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। উন্নয়ন সহযোগীদের পরামর্শ নয়, নিজেদের উদ্ভাবিত পথে এগোলেই সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার সুশাসনবিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত দেন। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) হোটেল সোনারগাঁওয়ে ‘সুশাসনের বিকল্প পথ: এশিয়ার অভিজ্ঞতার শিক্ষা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটেস ইয়াসুতামি শিমুমুরা। তিনি তাঁর প্রবন্ধে, একটি দেশের নিজস্ব শক্তিমত্তা আর দেশজ প্রতিষ্ঠানকে কাজে লাগানোর মাধ্যমে সুশাসন নিশ্চিত করার বিকল্প পন্থার প্রস্তাব করেন। তাঁর মতে, বাংলাদেশের উচিত সুশাসনের কর্মকৌশল চিহ্নিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দেশজ প্রতিষ্ঠানগুলোকে মূল চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো।আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াটা নিশ্চিত করতে সরকার সুশাসন উদ্ভাবনী শাখা চালু করতে যাচ্ছে। এর মূল লক্ষ্য জনগণের কাছে সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন করা। এ ছাড়া প্রস্তাবিত জনপ্রশাসন আইনের খসড়া ও জাতীয় সততা কর্মকৌশল চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। আমরা সরকারি কর্মকর্তাদের জনগণের সমস্যা সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে উৎসাহিত করছি। আমরা চাই না তাঁরা শুধু আইনকানুন মেনে চলা আমলা থাকুক।বিশেষ অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অনেক নেতিবাচক দিকের পাশে অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কাজেই সমস্যা সমাধানের মানসিকতা থাকাটা জরুরি।বিশেষ অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেন, গত ৪০ বছরে বাংলাদেশে অনেক ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। এ দেশের জনগণ যথেষ্ট পরিশ্রমী ও উদ্ভাবনীশক্তির অধিকারী। তাই এ দেশের যে সম্ভাবনা রয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা মঞ্জুর হাসান বলেন, নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাই সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের পদ্ধতির পরিবর্তে দেশজ পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া উচিত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে জাপান সরকার কীভাবে বাংলাদেশকে সহায়তা করছে, জাইকার জ্যেষ্ঠ পরামর্শক আকিরা মুনাকাতা তাঁর প্রবন্ধে তা উল্লেখ করেন।জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাও তোদা বলেন, সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সহযোগিতা পরিকল্পনা জাইকাসহ উন্নয়ন সহযোগীদের পুনরায় ঢেলে সাজানো উচিত। কারণ এ দেশের দেশজ সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।