সুশাসন নিশ্চিত করতে শুদ্ধাচার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সুশাসন নিশ্চিত করতে শুদ্ধাচার প্রয়োজন। শুদ্ধাচার ছাড়া দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়।
জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে গতকাল শনিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সকাল ১০টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জাইকার পরামর্শক আলী ইমাম মজুমদার।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জাইকা দিনব্যাপী এ সভার আয়োজন করে।
স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সরকারের জাতীয় রূপকল্পকে সামনে রেখে বিভিন্ন দপ্তরের জবাবদিহি নিশ্চিত করতে জাতীয় শুদ্ধাচার কৌশল ঠিক করা হচ্ছে।
সভায় ‘সুশাসন নিশ্চিতকরণ: জাতীয় শুদ্ধাচার কৌশল ও অন্যান্য পদক্ষেপ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সচিব এন এম জিয়াউল আলম।
প্রবন্ধে তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার নিশ্চিতকরণ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও উদ্ভাবন চর্চার পাশাপাশি ১৯ দফা সুপারিশ তুলে ধরেন।
প্রবন্ধের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, জেলা সিভিল সার্জন কমর উদ্দিন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহমদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, কানিজ ফাতেমা আহমদ, ফরিদুল আলম, কানন পাল, আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ ।