সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে আরও কার্যকর করতে হবে

একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সব কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে অধিক কার্যকর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদের (ষোড়শ অধিবেশন) নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি সরকারি দল ও বিরোধী দলের সাংসদদের জাতীয় সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালন করতে বলেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। ধর্মের নামে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।

আজ জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। স্পিকার শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন এবং শোক প্রস্তাব উত্থাপন করেন। শোক প্রস্তাবের পর এক মিনিট নীরবতা পালন শেষে শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ। ওই সময় সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি তাঁর ভাষণের সারসংক্ষেপে ৫৪টি পয়েন্টে কথা বলেন। রাষ্ট্রপতির পূর্ণাঙ্গ ভাষণ সাংসদদের টেবিলে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পূর্ণাঙ্গ ভাষণ পঠিত হিসেবে সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান স্পিকার।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে করোনা মহামারি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা, করোনার সময়ে অর্থনৈতিক ঝুঁকি, অমিক্রনের বিষয়ে সতর্কতা অবলম্বন, উন্নয়ন, অর্থনীতি, বাণিজ্য, রেমিট্যান্স, কৃষি, সামাজিক নিরাপত্তা, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সরকারি কার্যক্রম, বৈদেশিক সম্পর্ক, অপরাধ, প্রতিরক্ষা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, শিল্প, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি বিষয় উল্লেখ করেন। অর্থনীতি, উন্নয়ন, করোনা মহামারি মোকাবিলাসহ প্রত্যেকটি পর্যায়ে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি ভাষণে বলেন, ২০২১ সাল ছিল বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় বছর। এ বছরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। ‍উৎসবের এমন মহামিলন, গণমানুষের এমন সম্মিলন ইতিহাসে কমই দেখা যায়। যদিও করোনা মহামারির কারণে উৎসব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো বাধাই বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি।

গণতন্ত্রকে আরও কার্যকর করতে হবে

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বিগত দেড় দশকে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকারি ব্যয় বেড়েছে। এ জন্য সরকারি অর্থের অপব্যবহার রোধ করে প্রকল্পসংশ্লিষ্ট সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

ধর্মের নামে যেন স্থিতিশীলতা নষ্ট না হয়

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির কারণে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা উন্নয়নের পূর্বশর্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ। তথাপি ধর্মের নামে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলা

করোনার কারণে অর্থনৈতিক ক্ষতি, ঝুঁকি ও তা মোকাবিলা এবং টিকার কথা ভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে গত দুই বছর জনসাধারণের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন হয়। এ সময়ে জীবন রক্ষার পাশাপাশি আর্থসামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখাই ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় বৃহৎ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে সরকার দেশের আপামর জনসাধারণকে সুখ-স্বাচ্ছন্দ্যে রাখতে সর্বদা সচেষ্ট রয়েছে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে গত অর্থবছরের তুলনায় বাজেট বৃদ্ধি করা হয়েছে ১৩ শতাংশ। সাত কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। শিগগিরই দেশের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন যাতে ‍সংক্রমণ ছড়াতে না পারে, সে জন্য সরকারকে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে

উন্নত বাংলাদেশ গড়তে রাষ্ট্রপতি শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়ে বলেন, ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে শামিল হতে চায় বাংলাদেশ। ইতিমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। উন্নত বাংলাদেশ গড়তে চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে হলে জনমিতির সুবিধা পুরোপুরি ব্যবহার করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন প্রজন্ম দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে পারে।

রাষ্ট্রপতি নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিদেশে শ্রমশক্তি রপ্তানির প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার পরে আগামীকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।