দেশে সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু অগ্রগতি হলেও এখনো অনেক অতৃপ্তি রয়ে গেছে। হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের ওপরে হামলার ঘটনা দেশে সুশাসন পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ায় বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই তৃণমূল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।
আজ শনিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ষষ্ঠ জাতীয় সম্মেলন-২০১৬ উপলক্ষে দেওয়া বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ছয় শ-জন সম্মেলনে অংশ নেন। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন সুজনের কেন্দ্রীয় সভাপতি এম হাফিজ উদ্দিন খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সুজনের অর্জন কম নয়। তবে সামগ্রিকভাবে আমাদের কিছু অপ্রাপ্তি আছে। বর্তমানে আমরা দেখছি সাঁওতাল ও হিন্দুদের ওপর হামলা হচ্ছে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। তাই সুশাসন প্রতিষ্ঠায় আমাদের কাজ চলমান রাখতে হবে।’
বিচারপতি আবদুল মতিন বলেন, সুশাসন তখনই হবে, যখন তা হবে স্বশাসন। কারণ, জনগণের মতামতের ভিত্তিতেই সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ ও তা ভোটারদের মাঝে বিতরণ করা এবং দেশে তথ্য অধিকার প্রতিষ্ঠায় সুজন গুরুত্বপূর্ণ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ‘সুশাসনের সঙ্গে গণতন্ত্র, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক রয়েছে। সুজন দেশের সব প্রান্তের মানুষকে যুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে প্রমাণিত হয় আমাদের মানুষ সুশাসন ও গণতন্ত্র চায়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চারদিকে কবরের শান্তি প্রতিষ্ঠিত হলেই সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যায় না। অধিকাংশ জনগণের জন্য সুশাসন নিশ্চিত করতে হবে, জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানÖবলেন, ‘সুশাসনের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য। আমাদের বর্তমান শাসনপ্রক্রিয়া সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীত। বর্তমানে ধর্মের অপব্যবহার চলছে। এ অবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রগতিশীল শক্তিকে একত্র হতে হবে।’
সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুজন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক সংগঠন হিসেবে কাজ করছে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সুজনের সাংগঠনিক কাঠামোকে সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরামর্শ দেন তিনি।
সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, সুজনের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বদরে আলম খান, অর্থনীতিবিদ স্বপন আদনান, আওয়ামী লীগের নেতা সুভাষ সিংহ রায় প্রমুখ।
সুজন নেতাদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, হামিদা হোসেন, সৈয়দ আবুল মকসুদ, তোফায়েল আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী এবং সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সুজনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও জাতীয় কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন এম হাফিজ উদ্দিন খান (সভাপতি), কাজী এবাদুল হক (সহসভাপতি), বদিউল আলম মজুমদার (সম্পাদক), আবদুল হক (কোষাধ্যক্ষ), আলী ইমাম মজুমদার (নির্বাহী সদস্য), বিচারপতি আবদুল মতিন (নির্বাহী সদস্য), হামিদা হোসেন (নির্বাহী সদস্য), সৈয়দ আবুল মকসুদ (নির্বাহী সদস্য), তোফায়েল আহমেদ (নির্বাহী সদস্য), সেলিনা হোসেন (নির্বাহী সদস্য), শাহদীন মালিক (নির্বাহী সদস্য), সৈয়দা রিজওয়ানা হাসান (নির্বাহী সদস্য), মুসবাহ আলীম (নির্বাহী সদস্য), সিকান্দার খান (নির্বাহী সদস্য), জাফর ইমাম (নির্বাহী সদস্য), মো. আক্কাস হোসেন (নির্বাহী সদস্য), দীপক কুমার সাহা (নির্বাহী সদস্য), ফারুক মাহমুদ চৌধুরী (নির্বাহী সদস্য), মো. জালাল উদ্দিন সরদার (নির্বাহী সদস্য)।