সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জাতীয় সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু অগ্রগতি হলেও এখনো অনেক অতৃপ্তি রয়ে গেছে। হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের ওপর হামলা দেশে সুশাসন পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই তৃণমূল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।
গতকাল শনিবার সুজনের ষষ্ঠ জাতীয় সম্মেলন, ২০১৬ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে সুজনের প্রায় ৬০০ জন প্রতিনিধি অংশ নেন।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সুজনের কেন্দ্রীয় সভাপতি এম হাফিজ উদ্দিন খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সুজনের অর্জন কম নয়। তবে সামগ্রিকভাবে আমাদের কিছু অপ্রাপ্তি আছে। বর্তমানে আমরা দেখছি সাঁওতাল ও হিন্দুদের ওপর হামলা হচ্ছে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে।’
বিচারপতি আবদুল মতিন বলেন, সুশাসন তখনই হবে, যখন তা হবে স্বশাসন। কারণ, জনগণের মতামতের ভিত্তিতেই সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘সুজন দেশের সব প্রান্তের মানুষকে যুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে দেশের মানুষ সুশাসন ও গণতন্ত্র চায়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অধিকাংশ জনগণের জন্য সুশাসন নিশ্চিত করতে হবে, জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রগতিশীল শক্তিকে একত্র হতে হবে।
সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুজন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক সংগঠন হিসেবে কাজ করছে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সুজনের সাংগঠনিক কাঠামোকে সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরামর্শ দেন তিনি।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, সুজনের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বদরে আলম খান, গবেষক স্বপন আদনান এবং আওয়ামী লীগের নেতা সুভাষ সিংহ রায়।
উপস্থিত ছিলেন সুজনের সহসভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, নির্বাহী সদস্য হামিদা হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ, নির্বাহী সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রকৌশলী মুসবাহ আলীম এবং কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
কাউন্সিল অধিবেশনে সুজনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও জাতীয় কমিটি গঠন করা হয়। নর্বনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন এম হাফিজ উদ্দিন খান (সভাপতি), বিচারপতি কাজী এবাদুল হক (সহসভাপতি), বদিউল আলম মজুমদার (সম্পাদক), আবদুল হক (কোষাধ্যক্ষ), নির্বাহী সদস্যরা হলেন আলী ইমাম মজুমদার, বিচারপতি আবদুল মতিন, হামিদা হোসেন, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক তোফায়েল আহমেদ, সেলিনা হোসেন, শাহদীন মালিক, সৈয়দা রিজওয়ানা হাসান, মুসবাহ আলীম, সিকান্দার খান, অধ্যক্ষ জাফর ইমাম, মো. আক্কাস হোসেন, দীপক কুমার সাহা, ফারুক মাহমুদ চৌধুরী, মো. জালাল উদ্দিন সরদার।