সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন কৃতজ্ঞতা টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ইতিবাচক পরিবর্তন অর্জন করায় করপোরেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ)।
গতকাল বৃহস্পতিবার সকালে মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান চিঠি দিয়ে তাঁদের কৃতজ্ঞতার বিষয়টি সিটি করপোরেশনকে জানিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়েছে, টিআইবির কর্মসূচি মূল্যায়নে রংপুর সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পথে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। সেই সঙ্গে সেবা খাতের মান বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটির (সনাক) সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি টিআইবিকে অনুপ্রাণিত করেছে।
সংবাদ সম্মেলনে মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, তিনি সিটি করপোরেশনকে সত্যিকার অর্থে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। নাগরিকেরা তাদের সেবা যেন নির্বিঘ্নে পায়, সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্র প্রতিষ্ঠা করা হবে।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এই সফলতা বয়ে আনা সম্ভব হয়েছে বলে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। এ সময় সংবাদ সম্মেলনে করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।