সুশাসন প্রতিষ্ঠায় জোর দিতে হবে

নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং ২০৩০ সালের মধ্যে পুরোপুরি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হতে বাংলাদেশকে তিনটি খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এগুলো হলো প্রথমত, ব্যবসার পরিবেশ উন্নত করতে নীতি সংস্কার করা উচিত। বর্তমানে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। তৃতীয়ত, শক্তিশালী সুশীল সমাজ গঠন, বিচারব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কর আদায়, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় জোর দিতে হবে।
তিন দিনের সফর উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এসব পরামর্শ দেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন তিনি। আগামী তিন বছরে এ অর্থ পাবে বাংলাদেশ।
এ ছাড়া গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে শিশুর পুষ্টির অভাব দূর করার জন্য আরও ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুই দিনের সফরে সব মিলিয়ে ৩০০ কোটি ডলার সহায়তার নতুন প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। দেশ সহায়তা কৌশলের (সিএএস) আওতায় যে সহায়তা দেওয়া হয়, এর বাইরে অতিরিক্ত এ অর্থ পাবে বাংলাদেশ।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে যেসব দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে, বাংলাদেশ তার একটি। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় আমরা সব ধরনের সহায়তা দেব।’
নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বিশ্বব্যাংকের ঋণে সুদের হার বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে জিম ইয়ং কিম বলেন, আপাতত সুদের হার বাড়বে না। ব্যাখ্যা করে তিনি বলেন, নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও বাংলাদেশ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সদস্য থাকবে। আগামী তিন বছর আইডিএ থেকে নমনীয় শর্তে ঋণ পাবে। তবে তিন বছর পর সুদের হার সমন্বয় করা হবে।
গুলশানে হামলার পর নিরাপত্তা নিয়ে ইমেজ-সংকটে বাংলাদেশ—এ বিষয়ে প্রশ্ন করা হলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘পৃথিবীর এমন কোনো দেশ নেই যারা সন্ত্রাস থেকে মুক্ত। আমি আমার সফরে নিরাপত্তা নিয়ে খুবই সন্তুষ্ট। আমাকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত মানসম্পন্ন।’ তিনি মনে করেন, ‘সন্ত্রাস হলো আমাদের সমাজের দুর্ভাগ্যজনক বাস্তবতা।’
সংবাদ সম্মেলনের প্রশ্ন-উত্তর পর্বে পদ্মা সেতু, দুর্নীতির অভিযোগ—এসব প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে জিম ইয়ং কিম বলেন, ‘আমরা খুব খুশি যে নানা প্রতিকূলতার পরও বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে।’ তিনি বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমরা সব সময় “জিরো টলারেন্স” দেখাই। আমরা সন্তুষ্ট যে বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয়েছে।’ যেকোনো দেশের যেকোনো প্রকল্পেই দুর্নীতি হতে পারে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মনে করেন।
সামাজিক সমস্যা মোকাবিলায় বাংলাদেশের উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন জিম ইয়ং কিম। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি যখন চিকিৎসাবিজ্ঞানের ছাত্র ছিলাম, তখন ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে স্যালাইন তৈরি করেছিল আইসিডিডিআরবি।’
জিম ইয়ং কিম আরও বলেন, ‘উদ্ভাবনী ধারণা দিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করছে বাংলাদেশ। এ ছাড়া নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবনী ধারণা দেখেছি। এ ধরনের সাফল্যের ইতিহাস আমি নিজের চোখে দেখেছি। আমি বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন কোন কোন ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে তা তুলে ধরেন। ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, মানব উন্নয়ন, ব্যবসায় পরিবেশের উন্নতি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, নগরায়ণ।
গত ১৬ অক্টোবর বিকেলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে আসেন। ১৭ অক্টোবর ‘অ্যান্ড ওয়ার্ল্ড পভার্টি ডে’ উপলক্ষে তাঁর এ সফর। ওই দিন রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘গণবক্তৃতা’ দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। এরপর গতকাল তিনি দারিদ্র্য বিমোচনের প্রকল্প সরেজমিনে দেখতে বরিশালে যান।