অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তথ্য অধিকার সরকারের জন্য শাঁখের করাত। এটার দুটি দিক আছে—সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে মানুষ জানতে পারে, তেমনি সরকার কোথায় ব্যর্থ হচ্ছে, সেটাও প্রকাশ পেয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখছে। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে সিলেটে গতকাল শুক্রবার দুই দিনের তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে সিলেট নগরের কিনব্রিজের চত্বরে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথির বক্তব্য দেন। তথ্য অধিকার আইনের সুফল সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনের ফলে সরকারের কোন দপ্তরে কোন কাজ হয়, কোন দপ্তরে গেলে কোন সেবা পাওয়া যাবে, সেটা সহজে নাগরিকেরা জানতে পারছেন। এখন সরকারি সেবা নাগরিকদের আদায় করে নিতে হবে। নিজের অধিকার আদায়ে সচেতন হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে টিআইবির ভূমিকা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। পরিত্রাণের জন্য তথ্য অধিকার বিশাল ভূমিকা রাখতে পারে। আগে শিক্ষকেরা এমপিওর (বেতনের সরকারি অংশ) টাকা সরাসরি পেতেন না। মধ্যস্বত্বভোগীরা একটা অংশ নিয়ে যেত। বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এমপিওর টাকা সরাসরি তাঁদের ব্যাংক হিসাব নম্বরে পাঠাচ্ছে। এভাবে তথ্যপ্রযুক্তি দুর্নীতি রোধে কাজে আসছে।’ তিনি আরও বলেন, টিআইবি শুধু সরকারের সমালোচনা করে না, সরকারের সংস্কারকাজেও টিআইবি অনেক সহযোগিতা করে থাকে। তবে টিআইবির উদ্দেশ্য যেন হয় সরকারকে ধ্বংস নয়, ভালো পথ দেখানো। অর্থমন্ত্রী বলেন, ‘২০০১ সালে দেশে যখন সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হলো, তখন আমরা কিছুই জানতাম না। এ তথ্য আমাদের প্রথম জানিয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার।’ ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে সুশাসন ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ সরকার সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাস করে। এ আইন দুর্নীতি রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য প্রদানকারীর সুরক্ষা আইন বাংলাদেশে পাস হয়েছে। যার ফলে বিশ্বে যে ৯৫ দেশ তথ্য অধিকার নিয়ে কাজ করে, এর মধ্যে বাংলাদেশ ১৩তম স্থান অর্জন করেছে। কারণ, অন্যান্য দেশের তথ্য আইনের চেয়ে আমাদের দেশের তথ্য আইনের ব্যাপ্তি অনেক বেশি। তথ্য পাওয়ার অধিকারকে আমাদের কাজে লাগাতে হবে।’‘জানব, জানাব, দুর্নীতি রুখব’—স্লোগানে বেলা তিনটায় নগরের সুরমা নদীর ঐতিহ্যবাহী কিনব্রিজের মুখ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, সেবাদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর তথ্য অধিকার আইনের নানা দিক নিয়ে তথ্য মেলায় ২০টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে। গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলে। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।