সুশাসন প্রতিষ্ঠায় যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সুশাসন প্রতিষ্ঠায় যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়নি। এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক বিদ্যমান। সুশীল সমাজের সঙ্গে সরকারের যে আচরণ তা প্রায়ই উদ্বেগের সৃষ্টি করছে। এসব বাংলাদেশের গণতন্ত্রকে মজবুত করার পথে বাধা।গতকাল বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ আয়োজিত চতুর্দশ মাসিক সাধারণ সভায় রওনক জাহান এ কথা বলেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওমেন ফর ওমেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও লেখক রওনক জাহান ‘দ্য চ্যালেঞ্জেস অব কনসলিডেটিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা করেন।ঘণ্টাব্যাপী বক্তৃতায় রওনক জাহান বলেন, ক্ষমতাসীন সরকার তাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিপুল আশা-উদ্দীপনার সৃষ্টি করেছিল। ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা, আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলা ও যুদ্ধাপরাধের বিচার শুরু করে তারা ইতিবাচক কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু কোথাও কোথাও সীমাবদ্ধতা থেকে যাচ্ছে।ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের তৎপরতা আইনের শাসন প্রতিষ্ঠায় একটি বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করে রওনক জাহান বলেন, সহযোগী সংগঠনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেই চলবে না, আরও দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মতো প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আচরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক গণতন্ত্রকে সুদৃঢ় একটি ভিত্তির ওপর প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। ‘ন্যায়বিচার হচ্ছে’ এমনটি মুখে বললেই হবে না, সবাইকে বুঝতে হবে যে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।ফ্রিডম হাউস ও বিশ্বব্যাংকের মতো সংস্থার বিভিন্ন নির্দেশক তুলে ধরে রওনক জাহান বলেন, বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহির মানদণ্ডে সব সময়ই ভারত, শ্রীলঙ্কা, ভুটানের থেকে পিছিয়ে থাকছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান কতটা যৌক্তিক, আইনমন্ত্রী শফিক আহমেদের এমন প্রশ্নের জবাবে রওনক জাহান বলেন, যদিও তাত্ত্বিক দিক থেকে বিষয়টি নিয়ে বিতর্ক আছে, তবুও বাংলাদেশে সব দলের মধ্যে মতৈক্য না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ সেলিমের প্রশ্নের জবাবে রওনক জাহান বলেন, বাংলাদেশে কখনোই আর সামরিক শাসন জেঁকে বসতে পারবে না। এদিক দিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেকটা এগিয়ে আছে। পাকিস্তানে কখনোই গণতান্ত্রিক সরকার পুরো মেয়াদে শাসনক্ষমতায় থাকতে পারেনি এবং সেখানে সামরিক বাহিনী কখনোই বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থাকেনি। অন্যদিকে বাংলাদেশের মানুষ সামরিক শাসন চায় না এবং বাংলাদেশের সামরিক বাহিনীরও শাসনক্ষমতায় যাওয়ার ইচ্ছা দৃশ্যমান নয়।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজা খানম। উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আর এ গণি এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।