সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঘুরে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাধারণ মানুষকে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অগ্রগামী হতে উদ্বুদ্ধ করতে হবে।
যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে গতকাল শুক্রবার সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা-বিষয়ক সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সুজনের সম্পাদক। কর্মপরিকল্পনা সভাটি সকালে শুরু হয়ে দুপুরে শেষ হয়। এতে সুজনের খুলনা বিভাগের সব জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ দুই শতাধিক নেতা উপস্থিত ছিলেন। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় সুজনের সম্পাদক বলেন, ‘দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনতার শক্তি, সামাজিক শক্তি ও প্রাতিষ্ঠানিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
যশোর সুজনের সভাপতি সালেহা বেগম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন খুলনা সুজনের সভাপতি জাফর ঈমাম, চুয়াডাঙ্গা সভাপতি সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ সভাপতি আমিনুর রহমান, কুষ্টিয়া সহসভাপতি ইফতেখার হোসেন, সাতক্ষীরা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, মাগুরা সম্পাদক খান শারাফত হোসেন, বাগেরহাট সম্পাদক শেখ শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার।