বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে বক্তব্য দিয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে টিআইবি।
গতকাল বুধবার টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণাটিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। কাউকে হেয় করার জন্য নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করাই হলো এই গবেষণার উদ্দেশ্য।
গত ৩০ জুন প্রকাশিত প্রতিবেদনটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের ‘পাস করিয়ে দেওয়া’ পর্যন্ত পদে পদে অবৈধ অর্থ লেনদেনের চিত্র তুলে ধরা হয়। এতে টিআইবি বলেছে, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের একাংশের মধ্যে এই লেনদেন হয়।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটিকে ‘অসত্য’ বলেছে। আর ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রতিবেদনকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন।
টিআইবি গতকাল তাদের ব্যাখ্যায় বলেছে, মন্ত্রণালয় ও ইউজিসি অসত্য বললেও প্রতিবেদনে প্রকাশিত প্রতিটি তথ্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকেই সংগ্রহ করা হয়েছে। গবেষণার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করার অভিযোগের জবাবে টিআইবি বলছে, গবেষণার বিভিন্ন ধাপে গবেষকেরা একাধিকবার মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি আলোচনা এবং ফোনালাপ ও খুদে বার্তার মাধ্যমে বহুবার যোগাযোগ করেছেন। গত ২৭ মার্চ ইউজিসির পক্ষ থেকে টিআইবিকে সংশ্লিষ্ট বিষয়ে লিখিতভাবে তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনের ভিত্তিতে ইউজিসি তদন্ত কমিটি করায় সাধুবাদ জানিয়েছে টিআইবি । প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, তাদের প্রতিবেদনকে প্রত্যাখ্যান না করে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি উচ্চশিক্ষা নিয়ে চলমান সুশাসনের ঘাটতি থেকে উত্তরণে কালক্ষেপণ না করে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্য চেয়েছে মন্ত্রণালয়: এদিকে টিআইবির প্রতিবেদন যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর কাছে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ছয়টি প্রশ্ন সংবলিত একটি ছকও সরবরাহ করা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে এ তথ্য দিতে বলা হয়েছে।