সুশাসন মাপতে সূচক তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সুশাসন পরিস্থিতি পরিমাপ করতে একটি জাতীয়ভিত্তিক সূচক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ সূচকের ভিত্তিতে আগামী বছর থেকে দেশের সুশাসনবিষয়ক জরিপ করে প্রতিবেদন প্রকাশ করা হবে।
গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এ-সংক্রান্ত একটি জাতীয় কর্মশালায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ইউএনডিপির সহায়তায় এ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, সুশাসন নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকেও যুক্ত করা হবে বলে কর্মশালায় জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম বলেন, সুশাসন নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোর কার্যক্রম এবং দেশের সুশাসন পরিস্থিতি সম্পর্কে একটি জাতীয় প্রতিবেদন তৈরির এ উদ্যোগে সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করা হবে। কর্মশালায় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সুশাসনের পথে বাংলাদেশ অনেক এগিয়েছে। সুশাসনবিষয়ক সূচকে তথ্য অধিকারের বিষয়টিকে যুক্ত করার পরামর্শ দেন তিনি।