বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সুসম্পর্ক আইনের শাসন প্রতিষ্ঠা এবং গতিশীল কার্যক্রম নিশ্চিতে সহায়তা করে। এ তিনটি বিভাগ হলো নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ। তিনি বলেন, সংবিধানের চেতনা অনুসারে এ তিনটি অঙ্গের সমভাবে গুরুত্ব রয়েছে। কারও নির্ধারিত সীমা অতিক্রমের সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিদায়ী অনুষ্ঠানে মো. মোজাম্মেল হোসেন এ কথা বলেন। আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির শিক্ষাজীবন, কর্মজীবন তুলে ধরেন। তিনি বলেন, প্রধান বিচারপতি হিসেবে আপনি সর্বদা বিচারালয়ের উন্নতির চিন্তা করেছেন এবং যথাযথ পদক্ষেপ নিয়েছেন। সুপ্রিম কোর্টের কাজ পরিচালনার ক্ষেত্রে আপনি যে বিচক্ষণতা, প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তা সত্যিই অতুলনীয়।
বিচারপতি বলেন, ‘একজন আইনজীবী ও একজন বিচারপতির মধ্যে তফাত এই যে, একজন বিচারপতি তাঁর দেওয়া রায়ের মাঝে বেঁচে থাকেন, তিনি ইতিহাসের অংশ হয়ে যান। একজন বিচারপতি হিসেবে আপনার কার্যাবলি আমাদের সর্বদা স্মরণ থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী এম আমিরুল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ন, আবদুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
ৃ