‘এ দেশে যারা সম্পদশালী ও ক্ষমতাবান তাদের কোনো আইন মানতে হয় না। রানা প্লাজার ধসের ঘটনা অনিয়ম আর দুর্নীতির ফল। সুশাসনের অভাবেই এই ঘটনা ঘটেছে।’কথাগুলো বলেছেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সৈয়দ আহমদ হোসেন স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়োজিত এই স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘এশিয়ার নগরায়ণ: বাংলাদেশের বাস্তবতা’।নগর উন্নয়ন কেন্দ্রের (সিইউএস) চেয়ারম্যান নজরুল ইসলামের বক্তৃতায় নগরায়ণের ইতিহাস, এশিয়া এবং এর সঙ্গে বাংলাদেশের নগরায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়নের সঙ্গে নগরায়ণের সম্পর্ক বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে সাম্প্রতিক সময়ের ভয়াবহ সাভার দুর্ঘটনার প্রসঙ্গ। তিনি বলছিলেন, ‘রানা প্লাজা নিয়ে যত ঘাঁটাঘাঁটি করবেন ততই দুর্গন্ধ বেরিয়ে আসবে। মাফিয়া সিন্ডিকেট কীভাবে কাজ করে রানা প্লাজা তৈরির ইতিহাস তা তুলে ধরে।’সারা পৃথিবীতে এখন ৫২ শতাংশ মানুষ নগরে বাস করে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ২৮ শতাংশ। দেশে সার্বিক জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশের বেশি আর বছরে ৪ থেকে ৫ শতাংশ হারে নগরে জনসংখ্যা বাড়ছে। বাড়ছে বড় বড় দালানকোঠা আর দ্রুত সম্পশালী হওয়ার প্রতিযোগিতা। নজরুল ইসলামের মতে, এই চর্চার অংশ হিসেবে রানা প্লাজার মতো ভবন গড়ে ওঠে। তিনি বলছিলেন, ‘এ দেশে কেউ গার্মেন্টসের মালিক হলে পাজেরো কেনে। কেনার কারণ জিজ্ঞেস করলে বলে, নিরাপত্তার জন্য কিনি। শ্রমিকেরা কখন কী করে ফেলে সেজন্য গাড়িতে করে ঘুরতে হয়।’বিশ্বায়নের ইতিবাচক দিক হলো এর ফলে কর্মসংস্থান বেড়েছে। আর নেতিবাচক দিক হলো শোষণ ও পরিবেশ দূষণের বৃদ্ধি। নগরায়িত বিশ্বের এই প্রবণতার উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘নগরের উন্নয়নের জন্য দরকার নগর সুশাসন। সব কিছু গুছিয়ে পরিচালনা করলেই সুশাসন আসবে। তবে এই পরিচালনা করতে লাগবে নেতৃত্ব।’ তাঁর প্রশ্ন, ‘নগরে ভাল নেতা কই? গণতান্ত্রিক বাংলাদেশের রাজধানীতে কোনো গণতান্ত্রিক নেতা নেই। এই শহর কেমন করে চলবে? কেমন করে চলে এই ভেবে অবাক হই। এভাবে বেশি দিন চলবে না।’ গতকালের স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন বিচারপতি এবাদুল হক। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ সারাহ বেগম কবরী।