সুশাসনের ওপর জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল আইসিএবি ও প্রথম আলোর যৌথ আয়োজনে ২০১৪–১৫ প্রাক্–বাজেট আলোচনায় বক্তারা l ছবি: প্রথম আলো
রাজধানীর সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল আইসিএবি ও প্রথম আলোর যৌথ আয়োজনে ২০১৪–১৫ প্রাক্–বাজেট আলোচনায় বক্তারা l ছবি: প্রথম আলো

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বাভাবিক যে গতি, সুশাসনের অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই আসন্ন বাজেটে প্রাতিষ্ঠানিক সুশাসন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশেষভাবে জোর দিতে হবে৷ তা না হলে প্রবৃদ্ধির হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যেই ঘুরপাক খাবে।
দি ইনিস্টটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং প্রথম আলো আয়োজিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটবিষয়ক গোলটেবিল আলোচনায় গতকাল বুধবার বক্তারা এ অভিমত ব্যক্ত করেন৷ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবীর ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘বাজেটের মূল কথা হচ্ছে প্রতিনিধিত্ব ছাড়া করারোপ নয় (নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেনটেশন)। কিন্তু বর্তমান সংসদের বেশির ভাগ সদস্যই বিনা ভোটে নির্বাচিত। প্রকৃতপক্ষে সংসদে কোনো বিরোধী দল নেই। এ অবস্থায় ঘোষিত বাজেট কতটা প্রতিনিধিত্বপূর্ণ হবে, তা বলা মুশকিল।’
১৯৭২-৭৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের সময়কার বাজেটের উদাহরণ দিয়ে আকবর আলি খান বলেন, ‘সে সময় অর্থ আহরণের ক্ষেত্রগুলো স্পষ্ট করে বলে দেওয়া হতো। কিন্তু এখনকার বাজেটে কিছুই বোঝার উপায় েনই। গত বাজেটের কোথাও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর কথা বলা হয়নি। এরপর দেখলাম, হঠাৎ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে।’
স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে আকবর আলি খান বলেন, বাজেট ঘাটতি বড় কথা নয়, টাকাটা কোথায় খরচ করা হচ্ছে, সেটিই বড় কথা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘বিদেশে গেলে আমাদের দেশের মতো রাস্তার মোড়ে মোড়ে কোথাও এত পুলিশ দেখা যায় না। তার পরও আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে, সেবা পেতে আমরা টাকা খরচ করছি, কিন্তু সে অনুযায়ী সেবা পাচ্ছি না।’ সাম্প্রতিক সময়ে গুম, খুন যে পর্যায়ে পৌঁছেছে, তা নিয়ে প্রশাসনের কোনো উদ্বেগও চোখে পড়ছে না বলে মন্তব্য করেন তিনি।
বাজেট পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হাফিজউদ্দিন খান বলেন, ‘এখনকার বাজেট কেন্দ্রীভূত। অর্থমন্ত্রী জেলা বাজেটের কথা বলে এলেও সেটি এখনো হয়নি। সুশাসনের সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে এমন অনেক প্রকল্প রাখা হয়েছে, যেগুলো খামোখা।’
আইসিএবির সভাপতি শওকত হোসেন রাজস্বের আওতা বৃদ্ধি, মূসক ও করের পদ্ধতিগত জটিলতা নিরসন ও সামাজিক ন্যায়পরায়ণতা নিশ্চিত করার সুপারিশ করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে করযোগ্য করদাতারা যথাযথ কর দেন না।’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আগামী বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের জন্য প্রায় দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে সেটি গ্রহণযোগ্য, কিন্তু আদায়যোগ্য কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, কর বিভাগে দক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে।’
ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘ঢাকা শহরে বিলাসবহুল বাড়ি, অফিস হচ্ছে। রাস্তায় নামলে হাজার হাজার দামি গাড়ি, বিলাসবহুল রেস্তোরাঁয় বাহারি অনুষ্ঠান হচ্ছে। সেখানে বিপুল কর ফাঁকির ঘটনা ঘটছে। কিন্তু সেসবে এনবিআরের যেন নজর নেই।’
প্রাতিষ্ঠানিক করহার কমানো ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বাড়ানোর সুপারিশ করেন ফারুক আহমেদ সিদ্দিকী। সেসঙ্গে কালোটাকা সাদা করার অন্যায় সুবিধা দেওয়ার বিধান একেবারে বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেন তিনি।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আবদুল মজিদ বলেন, ‘আমাদের দেশে আগ্রাসী রাজস্ব আয়ের প্রয়োজন রয়েছে। কারণ, কর ও জিডিপির হারের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। অর্থনীতিতে যথেষ্ট অর্থ আছে কিন্তু সে তুলনায় কর কম।’
আবদুল মজিদ আরও বলেন, নির্বাচন ঘিরে দেশে রাজনৈতিক যে অস্থিরতা হয়েছিল তার ফলে অর্থনীতিতে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এতে করে প্রবৃদ্ধির স্বাভাবিক ধারা ব্যাহত হয়েছে। স্বাভাবিক সেই ধারা ফিরিয়ে এনে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়াই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ।
আলোচনায় নারীনেত্রী সালমা খান বাজেটে নারীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেন৷
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান বলেন, সুশাসন নিশ্চিত না হলে কর আদায় বাড়বে না। কর্মসংস্থান বাড়াতে হলে সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দিতে হবে।
আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ বলেন, বাজেটের আকারের চেয়ে সঠিক বাস্তবায়নই জরুরি৷
আইসিএবির কাউন্সিল সদস্য নেছারউদ্দিন বলেন, নতুন করদাতা শনাক্ত করতে এনবিআর েয জরিপ করে, তা সঠিকভাবে করা হয় না৷ তাই বেসরকারি সহায়তায় জরিপ করা প্রয়োজন৷
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএবির সাবেক সভাপতি আব্বাসউদ্দিন খান ও সাইফুল ইসলাম, বর্তমান সহসভাপতি দেওয়ান নুরুল ইসলাম প্রমুখ।