সুশাসনের ঘাটতি আছে গ্রামীণ ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকে প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি রয়েছে। ঘাটতির কারণ দুটি। কার্যকর কোনো পরিচালনা পর্ষদ নেই এবং নিরীক্ষা কমিটি না থাকা। গ্রামীণ ব্যাংকের ওপর করা বাংলাদেশ ব্যাংকের এক বিশদ পরিদর্শন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পরিদর্শন প্রতিবেদনের সারসংক্ষেপ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সূচক, অর্থাৎ সম্পদ, আমানত, ঋণ, মুনাফা, জাল-জালিয়াতি ও বিনিয়োগের চিত্র ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে কী ছিল, আর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কী অবস্থায় দাঁড়িয়েছে, প্রতিবেদনে তা তুলনা করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংকের পরিপূর্ণ পরিচালনা পর্ষদ গঠন করার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে প্রধান নির্বাহী, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে স্থায়ী নিয়োগ কার্যক্রম হাতে নিতেও সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সুশাসনের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গ্রামীণ ব্যাংকের সার্বিক কর্মপ্রক্রিয়ার ওপর সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি রাখতে হবে।

গ্রামীণ ব্যাংকে দুই বছরেরও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৪ সালের ৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে বলে যে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার করা হবে একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে। আর নির্বাচনটি হবে ‘গ্রামীণ ব্যাংক বিধিমালার অধীন কমিশন গঠনের এক বছরের মধ্যে।’ কমিশন যেহেতু গঠিত হয়নি, নির্বাচনও অনুষ্ঠিত হয়নি।

গ্রামীণ ব্যাংকের পর্ষদ সদস্যসংখ্যা ১২। এর মধ্যে এত দিন ৯ জন নির্বাচিত হয়ে আসছিলেন ব্যাংকটির সদস্যদের মধ্য থেকেই। বাকি ৩ জন সরকারের নিয়োগ করা। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ৯ সদস্যের মেয়াদ শেষ হয়ে গেলে ৩ সরকারি পরিচালকই গ্রামীণ ব্যাংক চালাচ্ছেন। সংশোধিত গ্রামীণ ব্যাংক আইনে বলা হয়, নির্বাচিত পরিচালকদের পদ শূন্য হলে পরিচালক নির্বাচন না হওয়া পর্যন্ত চেয়ারম্যান ও সরকার মনোনীত অপর দুজন সদস্য উপস্থিত থাকলেই সভার কোরাম হবে।

যোগাযোগ করা হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের ব্যাপারে বলার মতো এখনো কোনো পর্যায় আসেনি।’ এর বাইরে কথা বলতে চাননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের মোট আমানত ১৮ হাজার ৯৮০ কোটি টাকা এবং আমানতের ৫৬ শতাংশ, অর্থাৎ ১০ হাজার ৪৪১ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে।

গ্রামীণ ব্যাংকের সম্পদের সুষ্ঠু ব্যবহার ও আয় বৃদ্ধির জন্য স্বল্প সুদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ জমা বিনিয়োগ আকারে থাকতে পারে উল্লেখ করে বলা হয়েছে, সামাজিক উন্নয়নের দিকটিও গ্রামীণ ব্যাংককে দেখতে হবে। আর এ জন্য উৎপাদনশীল, নিরাপদ ও লাভজনক খাতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মেধ্য বেশি বিনিয়োগ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, আর্থসামাজিক উন্নয়নের জন্য সদস্যদের ঋণ দেওয়াই হচ্ছে গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য। কিন্তু ব্যাংকটি তা না করে অন্যান্য লাভজনক খাতে জমা রেখে মুনাফা বৃদ্ধির প্রচেষ্টা করছে। এ অবস্থা ব্যাংকটির মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।

গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি রতন কুমার নাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলার দায়িত্ব দেন ব্যাংকের মহাব্যবস্থাপক বাবুল দাসকে। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ব্যাহত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাবুল দাস বলেন, ‘উদ্দেশ্য ব্যাহত হওয়ার কিছু নেই। সব টাকা ঋণ দেওয়ার উপায় থাকে না বলেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে হয়।’

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের কোনো বিনিয়োগ নীতিমালা নেই এবং বিনিয়োগ নীতিমালা না থাকাটা অনভিপ্রেত। এতে এটাই প্রতীয়মান হচ্ছে যে ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে না। এ ব্যাপারে বাবুল দাস বলেন, ‘বিনিয়োগ নীতিমালা অনুসরণ করেই বিনিয়োগ করে আসছে গ্রামীণ ব্যাংক।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে গ্রামীণ ব্যাংকের মুনাফা কমেছে ৯৪ দশমিক ৪ শতাংশ। ২০১৫ সালে মুনাফা হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকা। তার আগের বছর হয়েছিল ৪৩ কোটি ৬০ লাখ টাকা। আর ২০১৩ সালে ১৩৩ কোটি ২৯ লাখ এবং ২০১২ সালে ১৪৫ কোটি টাকা মুনাফা করেছিল গ্রামীণ ব্যাংক।

তবে প্রথম আলোর পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকে যোগাযোগ করে জানা গেছে, ২০১৬ সালে ব্যাংকটির মুনাফা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এরই মধ্যে বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নিরীক্ষা ব্যয় বাদে মুনাফা হয়েছে ৮৬ কোটি ৭৬ লাখ টাকা। এই সময়ে ৪০টি জোনের মধ্যে ৩১টিই মুনাফা করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০১৬ সাল পর্যন্ত সময়ের হিসাব ধরে।

এক বছরে গ্রামীণ ব্যাংকের অবলোপনকৃত অনাদায়ি কুঋণ ১ হাজার ৫৭৭ কোটি টাকা থেকে ১৮ দশমিক ১ শতাংশ, অর্থাৎ ২৮৫ কোটি টাকা বেড়ে ১ হাজার ৮৬২ কোটি টাকা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ‘এই বৃদ্ধি ঋণ ব্যবস্থাপনার অদক্ষতাকে প্রতিফলিত করে।’

এক বছরে মেয়াদোত্তীর্ণ ঋণ ৩৪৬ কোটি টাকা থেকে ১৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩৯৭ কোটি টাকা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উদ্বেগ প্রকাশ করা হয় গ্রামীণ ব্যাংকে জাল-জালিয়াতি ও তহবিল তছরুপের ঘটনা বেড়ে যাওয়ায়। বলা হয়, এক বছরের ব্যবধানে ব্যাংকটিতে তহবিল তছরুপের পরিমাণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ আর ঘটনা বেড়েছে ৭ শতাংশ।

২০১৫ সালে গ্রামীণ ব্যাংকে জাল-জালিয়াতি ও তহবিল তছরুপের ঘটনা ঘটেছে ৪৮৪টি, যেগুলোর বিপরীতে ৩৩ কোটি ৪৮ লাখ টাকা জড়িত। এর মধ্যে ৯ কোটি ৮৬ লাখ টাকা আদায় হয়েছে। তার আগের বছরে একই ধরনের ৪৫১টি ঘটনার বিপরীতে ২৬ কোটি ৮৫ লাখ টাকা জড়িত ছিল। আত্মসাৎ হওয়া সব টাকা আদায়ের পাশাপাশি জাল-জালিয়াতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে গ্রামীণ ব্যাংককে পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। তহবিল তছরুপ প্রসঙ্গে বাবুল দাস বলেন, ‘শাখা পর্যায়ে কিছু কিছু ঘটনা ঘটে। তবে আমরা এগুলোতে ছাড় দিই না।’

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ২০১১ সালের ১১ মে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যান। এরপর প্রায় ৬ বছর ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে গ্রামীণ ব্যাংক। একই বছরে ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় সরকারের অনুগত বলে পরিচিত খন্দকার মোজাম্মেল হককে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনিও পদত্যাগ করেন ২০১৩ সালের ৫ আগস্ট। যদিও তাঁর পদত্যাগপত্র সরকার গ্রহণ করেনি বলে সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।