স্বাধীনতার পর বাংলাদেশের অর্জন অনেক। আর্থসামাজিক দিক থেকে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়েছে। কিন্তু দেশে যদি সুশাসনের ঘাটতি না থাকত, তবে বাংলাদেশের অর্জন আরও অনেক বাড়ত।
বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা উঠে এসেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি, ২০১৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানের তথ্য দিয়ে সুশাসনের অবস্থা তুলে ধরার সুবিধা হলো তাতে নিরাপদ থাকা যায়। দেখলে মনে হয় সরকারি ব্যাংকগুলোতে পর্যাপ্ত মূলধন আছে। কিন্তু জামানতের ঋণ আর সুদের ঋণের পার্থক্য দেখলেই অবস্থাটা বোঝা যায়। ব্যাংকিং খাতে তো সুশাসনের অভাব আছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক সামাজিক সূচকে বাংলাদেশের অর্জন অনেক। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু কমেছে। এখন জটিল রোগে মৃত্যু কমাতে হবে। আর কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জন করতে হয়। বিমান উড্ডয়ন, রিজার্ভ ব্যবস্থাপনাসহ অনেক ক্ষেত্রে ত্রুটি থাকলে চলে না। আর প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতাও জরুরি। তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে হল-মার্ক চার-পাঁচ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেল। এটি তো বস্তায় ভরে চুরি হয়নি। এসব ক্ষেত্রে কাগজপত্র ছিল। কাজেই প্রাগৈতিহাসিক পদ্ধতিতে জেলগেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত না করে এসব দেখা উচিত। প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়ানো উচিত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সুশাসনের ঘাটতি না থাকলে বাংলাদেশের অর্জন আরও বাড়ত। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা। কাগজে-কলমে সুশাসনের ঘাটতি নেই। কিন্তু বাস্তবতায় ঘাটতি দেখা যায়।
অনুষ্ঠানে বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতার অভাব আছে।
মূল প্রতিবেদন উপস্থাপন করে ওয়াহিদ আবদুল্লাহ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচনে এখন প্রতিযোগিতা কমেছে। সহিংসতা বেড়েছে।