সুশাসনের প্রশ্নে সোচ্চার হওয়ার আহ্বান আয়শা খানমের
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সুশাসনের প্রশ্নে নারী ও মানবাধিকার আন্দোলন-সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে মহিলা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পরিষদ সভার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে আয়শা খানম নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি ২০১৫ সালে মহিলা পরিষদের কার্যক্রমে অভিবাসী শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়গুলো এবং নারীর জীবনে বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়গুলো নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেন।
‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় চাই দক্ষ, আদর্শবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠক’ স্লোগান নিয়ে আয়োজিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষয়গুলোকে সম্পৃক্ত করে নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি নতুন প্রজন্মকে নারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জাতীয় পরিষদ সদস্যের সামনে আজ সংগঠনের লক্ষ্য, নীতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। সাংগঠনিক প্রশাসন নিয়ে আলোচনা করেন সহসভাপতি ফওজিয়া মোসলেম। অংশগ্রহণকারীদের দলভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। সভায় পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় পরিষদের ৩৭৪জন প্রতিনিধি সভায় অংশ নেন।