সুশাসিত দেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুশাসিত স্বদেশ, সকলের সমান অধিকার, চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: ‘দুর্নীতি প্রতিরোধ করতে হলে, আগে নিজেকে বদলাতে হবে। তারপর অন্যকে বলতে হবে—দুর্নীতি বন্ধ করো। আমাদের দেশের সন্তান মুসা ইব্রাহীম যদি এভারেস্ট জয় করতে পারেন, তাহলে আমরা কেন দুর্নীতি দমন করতে পারব না?’গতকাল বেলা ১১টায় কক্সবাজার শহরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী সমাবেশে কথাগুলো বলে কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শেখ সাবরিনা সাঈদ। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাত তুলে দুর্নীতিকে ‘না’ বলেন এবং নিজ নিজ অবস্থানে থেকে দুর্নীতি প্রতিরোধে শপথ নেন। বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার দুর্নীতি দমন কমিশন (দুদক) এ সমাবেশের আয়োজন করে। চুয়াডাঙ্গা: দিবসটি উপলক্ষে প্রগতি দুর্নীতিবিরোধী প্রচারণা দল চুয়াডাঙ্গা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বেলা তিনটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রগতি দুর্নীতিবিরোধী প্রচারণা দলের আহ্বায়ক রাশেদ উল ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। এরপর শহীদ স্মৃতি নামফলকে অসংখ্য মোমবাতি প্রজ্বালন করা হয়। শেষে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।