সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আগামী ছয় মাস দেশ সংকটের ভেতর দিয়ে যাবে। বিশেষ চারটি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগোচ্ছে। এ চার পরিস্থিতি হলো: গণতান্ত্রিক উত্তরণ, সামাজিক শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া, বিদেশি বিনিয়োগের শ্লথ ধারা এবং আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন। বিষয়গুলো নাগরিক শক্তিরও ভাবনার কারণ। দেশের এই পরিস্থিতিতে সুশীল সমাজের আর বসে থাকার সুযোগ নেই, কিছু একটা করা দরকার।সিলেটে গতকাল শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও আদিবাসী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। তাঁদের অনেকেই দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মতবিনিময় সভায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক, সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল আউয়াল বিশ্বাস, তুলসী কুমার দাস, হাসানুজ্জামান, জহির বিন আলম, তাহমিনা বেগম ও তানিয়া বেগম; উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী খুশি চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত সিংহ ও গৌরাঙ্গ পাত্র বক্তব্য দেন। স্থিতিশীল বাংলাদেশের জন্য টেকসই গণতন্ত্র প্রয়োজন। কিন্তু সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের একমাত্র অঙ্গ নয় জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনই গণতন্ত্রের একমাত্র অঙ্গ, তা কিন্তু নয়। গণতান্ত্রিক বৈধতার সঙ্গে আরও অনেক জিনিস জড়িয়ে আছে। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ধারণাকে আরও বিস্তৃত করতে হবে। এ জন্য রাজনীতির বাইরের সমাজসচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।