দেশের গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করতে গঠনমূলক ভূমিকা পালন করার জন্য সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, সুশীল সমাজের নামে যাঁরা গণতন্ত্রের জন্য গলা চড়িয়ে কথা বলছেন, তাঁরা সব সময় গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখেন না। কোনো কোনো সময় দেশের একনায়কেরা সুশীল সমাজের কর্মকাণ্ডের উপকারভোগী হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ যখন সুশীল সমাজের এজাতীয় সদস্যদের রাষ্ট্রীয় ক্ষমতায় গ্রহণ করতে রাজি হয়নি, তখন তাঁরা জনগণের অধিকার রক্ষার নামে বরং দেশের গণতন্ত্র ধ্বংস করছে।’প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে নগরের ওসমানী স্মৃতি মিলনায়তনে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব সোশ্যাল ফিলোসফির (আইসিএসপি) দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। আইসিএসপি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: গণতন্ত্র, নাগরিক সমাজ ও সুশাসন।জনগণের ভোটাধিকার ও অন্যান্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, কিছু ব্যক্তি গণতন্ত্র শক্তিশালী করতে নয়, বরং গণতন্ত্রের ভিত্তি দুর্বল করার জন্য সুশীল সমাজের ব্যানার ব্যবহার করছেন।শেখ হাসিনা বলেন, অবশ্য সবাই নয়, সুশীল সমাজের এ জাতীয় কিছু সদস্যের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দৃঢ় অভিলাষ আছে। কিন্তু তাঁরা কখনোই গণমানুষের কাছে গ্রহণযোগ্যতা পাননি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুশীল সমাজের অনেক সদস্যের উচ্চতর শিক্ষাগত ডিগ্রি থাকতে পারে, কিন্তু গণমানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে তাঁদের কোনো যোগ্যতা নেই।দেশের বৃহত্তর স্বার্থে সুশীল সমাজের এজাতীয় সদস্যদের কোনো ধরনের পদক্ষেপ ও বিবৃতি সম্পর্কে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।দেশের সুশাসন ও গণতন্ত্র এগিয়ে নিতে সুশীল সমাজের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক যে সুশীল সমাজের বেশ কিছু সদস্য বাস্তবতার সঙ্গে আপস করতে চান না।’সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ সময় কিছু গণমাধ্যম দায়িত্বশীল সাংবাদিকতা করার কথা ভুলে যায়।প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো সংবাদ করার আগে সব তথ্য যাচাই করে দেখার জন্য আমি গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই।’বেশ কিছু গণমাধ্যম মাত্রা ছাড়িয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তাদের বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং জনগণ উপকৃত হয় এমন যেকোনো পরামর্শ আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করব।’