সুশীল সমাজের কাছে রোমহর্ষক বর্ণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে ৪ মে সকালে চার আদিবাসী শ্রমিক হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার সকালে ঢাকা থেকে আসা সুশীল সমাজের একটি প্রতিনিধিদল চকগোপাল গ্রামে ওই চার আদিবাসী শ্রমিক খুনের নেপথ্য কারণ অনুসন্ধানে গেলে গ্রামবাসী ওই হত্যাকাণ্ডের বর্ণনা দেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে হামলার বর্ণনা দিতে গিয়ে জানান, ওই দিন জোতদার আনোয়ার হোসেনের পক্ষের সন্ত্রাসীরা আদিবাসী শ্রমিকদের হত্যা করেছে। কাজে আসা পাঁচজন আদিবাসী শ্রমিকের মধ্যে ইলিয়াছ মার্ডি নামের একজন সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে গ্রামের সফির উদ্দিন নামের একজনের বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করে ইলিয়াছকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা ইলিয়াছের গলা কেটে দেয়। মদন মার্ডির মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলায় ছুরি চালানো হয়। ঘটনাস্থলেই নিহত হন দুই আদিবাসী শ্রমিক। অপর দুজনের একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং অন্যজন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা থেকে আসা সুশীল সমাজের প্রতিনিধিরা শনিবার চকগোপাল গ্রাম ঘুরে এসে নওগাঁর স্থানীয় সংবাদকর্মীদের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত জঘন্য ও নিষ্ঠুর পন্থায় সংঘটিত হয়েছে। বিশিষ্ট কলাম লেখক, গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে সুশীল সমাজের ওই প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, ফ্রিল্যান্স সাংবাদিক সাদিম সামাদ, জাতীয় আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, সাংবাদিক নোমান চৌধুরী, বিপ্লব রহমান, জান্নাত-ই-ফেরদৌস, বুলবুল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা রাসেদ রায়েম, বেসরকারি উন্নয়ন সংস্থা এএসআরডির মোহামঞ্চদ রফিক, কাফেং ফাউন্ডেশনের দীপায়ন ক্ষীসা, আইনজীবী ফারুক হোসেন প্রমুখ।রোবায়েত ফেরদৌস ও ফারুক হোসেন জানান, সন্ত্রাসীরা আদিবাসী পাঁচ শ্রমিককে হত্যার উদ্দেশ্য নিয়েই মাঠে নামে। তারা সফলভাবে তা সম্পন্ন করে। তাঁদের কৌশলে গ্রামের ঘিঞ্জি এলাকায় নিয়ে আসে। পরে রামদা, ফলা ও শুলফি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে তাঁদের। তাঁরা আরও জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িয়ে চকগোপাল গ্রামের জোতদার আনোয়ার হোসেন ও তাঁর লোকজন বড় অপরাধ করেছে। এর পরও মান্দার পুলিশ তাদের পক্ষে একটি পাল্টা মামলা করার সুযোগ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। আনোয়ার হোসেনের পক্ষে তাঁর স্ত্রীর করা মামলায় চকগোপাল গ্রামের সুনির্দিষ্ট ১৯ জনসহ পুঙ্গি গ্রামের অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মান্দা থানা ৬ মে মামলাটি নথিভুক্ত করে এবং ওই দিন রাতেই আদিবাসী শ্রমিকদের পক্ষের জোতদার ডালিম হোসেনকে গ্রেপ্তার করে। এতে পুলিশের ভূমিকা নিরপেক্ষ হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এর আগে ৪ মে চকগোপাল গ্রামে চারজন আদিবাসী শ্রমিক খুনের ঘটনায় ওই দিন বিকেলে মান্দা থানায় একটি হত্যা মামলা করেন চকগোপাল গ্রামের জোতদার ডালিমের ছোট ভাই আবদুল সালাম। সুশীল সমাজের প্রতিনিধিরা শুক্রবার বিকেলে নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামে গিয়ে নিহত আদিবাসী শ্রমিকদের স্বজনদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। এ সময় পুঙ্গি গ্রামে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ, রোবায়েত ফেরদৌস, শক্তিপদ ত্রিপুরা, ফারুক হোসেন ও নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন। এর আগে আদিবাসী পরিবারের সদস্যরা তাঁদের অজানা শঙ্কার বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে নানা ধরনের অভিযোগ, আসামিপক্ষের হুমকি-ধমকি ও গ্রেপ্তার-আতঙ্কের কথা তুলে ধরেন। ইলিয়াছ মার্ডির স্ত্রী ক্রিস্টিনা হেমব্রম জানান, চকগোপাল গ্রামের জোতদার আনোয়ারের স্ত্রীর দায়ের করা মামলায় পুঙ্গি গ্রামের ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এতে পুঙ্গি গ্রামের পুরুষদের মাঝে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে।নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান বলেন, পাল্টাপাল্টি মামলার ঘটনায় পুলিশের পক্ষে আইনত কাউকে বাধা দেওয়ার সুযোগ নেই। অহেতুক যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।