সুশীল সমাজের সমালোচনা করলেন মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা মানুষকে পেট্রলবোমায় দগ্ধ করে হত্যা করছে, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। দেশের নাগরিক সমাজের সমালোচনা করে তিনি বলেছেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, আমাদের সুশীল সমাজ না সভ্য না সামাজিক।’
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের লেখা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি—নট ডেথ স্কোয়াডস অ্যাগেইন শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে গতকাল শনিবার মিজানুর রহমান এসব কথা বলেন। নর্দান বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে জাতীয় জাদুঘরের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিজানুর রহমান বলেন, ‘মাঝে মাঝে বিদেশি কূটনীতিকেরা তাঁদের কূটনৈতিক শিষ্টাচার ও সীমা লঙ্ঘন করছেন। আবার কিছু কিছু মন্ত্রী বলছেন, সাত দিনে দেশের বর্তমান অবস্থা ঠিক হয়ে যাবে। আমরা এসব কথা চাই না, আমরা কার্যকর ব্যবস্থা দেখতে চাই। আমি জানি না, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে মানুষের সংযোগ কোথায় যে এর দাবিতে অকাতরে মানুষকে জীবন দিতে হচ্ছে।’
বইটি ও বইয়ের লেখকের প্রশংসা করে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকারের দেশ শাসন করার কোনো সুযোগ নেই।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনকে বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ওই নির্বাচন না হলে দেশে অন্ধকারের শাসন চেপে বসত। তিনি মন্তব্য করেন, যারা সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংযোগ রয়েছে।
বইটির একাধিক জায়গায় তত্ত্বাবধায়ক সরকারকে ‘গোষ্ঠীতন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন মসিউর রহমান। এটি উদ্ধৃত করে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, নির্বাচিত সরকারের মধ্যেও অনেক সময় গোষ্ঠীতন্ত্র থাকতে পারে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, মূলত ১৯৯৪ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন চলছে। তখন আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ বা আইন উপদেষ্টাদের কারও কি একে অসাংবিধানিক বলে মনে হয়নি?
অনুষ্ঠানের শুরুতে নিজের লেখা বইয়ের ওপর আলোচনা করেন মসিউর রহমান। বইতে তিনি সংবিধানের ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের রায়, ৫ জানুয়ারির নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।
আইনজীবী এম আমীর-উল ইসলাম প্রশ্ন তোলেন, দেশে চলমান সহিংসতা বন্ধ করতে কেন সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হচ্ছে না? নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জটিলতার সমাধানের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দেন।
বইয়ের ওপর আলোচনা করেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক মীজানূর রহমান শেলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশিদ প্রমুখ। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ প্রমুখ।