প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সুষ্ঠু ও আস্থাশীল বিচারব্যবস্থা একটি দেশে সুশৃঙ্খল সমাজ গঠনে প্রধান সহায়ক ভূমিকা পালন করতে পারে। গতকাল রোববার বিকেলে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশের মানুষ দরিদ্র। এই মানুষগুলোর প্রতি সদয় হওয়া উচিত। আইন একটি মহান পেশা। এই পেশার আসল উদ্দেশ্য সেবার মাধ্যমে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া।’ ন্যায়বিচার পাইয়ে দিতে অসহায় মানুষের মামলা পরিচালনায় টাকা না নেওয়ার জন্য তিনি দিনাজপুরের আইনজীবীদের অনুরোধ করেন।দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলার প্রবীণ আইনজীবী মো. ইসহাক, এ আর মোস্তাজী, মো. নজিবর রহমান, সমিতির সাধারণ সম্পাদক নূরুজ্জামান জাহানী বক্তব্য দেন।এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ, বিশেষ জজ আদালত, নারী ও শিশু, মুখ্য বিচারিক হাকিম আদালতসহ বেশ কয়েকটি আদালত পরিদর্শন করেন।