সুষম খাদ্য পায়—এমন শিশুরা বিদ্যালয়ে ভালো করে। বিদ্যালয়গামী শিশুর সাফল্য ও ঝরে পড়ার সঙ্গে পুষ্টির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিম্ন আয়ের ৬০০ পরিবার নিয়ে এক জরিপে এটা দেখা গেছে। তাতে বলা হচ্ছে, মায়ের অক্ষরজ্ঞান, বিদ্যুতের প্রাপ্যতাও শিশুর শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে।
কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জরিপ করেছে।
গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের সারসংক্ষেপ উপস্থাপন করেন সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির অধ্যাপক জন রিচার্ডস।
জরিপে দেখা গেছে, শিক্ষায় শিশুদের সফলতা নির্ভর করে শিক্ষকের মান ও বিদ্যালয়ের ওপর। কিন্তু এর সঙ্গে পুষ্টিরও সমান গুরুত্ব রয়েছে। সুষম খাদ্য পাচ্ছে—এমন সাতজন শিশুর চারজন প্রাথমিক শিক্ষায় ভালো করেছে। বিপরীতে অন্যান্য পরিবারে এ হার প্রতি সাতজনে তিনজন।
দেখা গেছে, পারিবারিক পুষ্টি; বিশেষ করে মা ও শিশু নিয়মিত পুষ্টিকর খাদ্য পেলে তা শিশুর শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে পুষ্টি বিষয়ে পরামর্শ মায়ের পুষ্টিজ্ঞান বাড়িয়ে দেয়।
জরিপের ফলাফলে বলা হয়, শহরের বস্তির শিশুদের তুলনায় গ্রামের শিশুদের সাফল্যের হার বেশি। যেসব পরিবারের মায়েরা পড়তে পারেন, সেসব পরিবারের ৭৫ শতাংশ শিশু বিদ্যালয় শেষ করতে পারে। এ ছাড়া বিদ্যুতের উপস্থিতি শিশুদের শিক্ষায় সাফল্যের হার বাড়িয়ে দেয় বলেও জরিপে পাওয়া গেছে।
সুপারিশে বলা হয়, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পুষ্টি বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। পুষ্টি বিষয়ে প্রচারের পাশাপাশি বিদ্যালয়ে খাবার সরবরাহের কথাও সুপারিশে বলা হয়।
জন রিচার্ডস বলেন, পুষ্টিজ্ঞানের সঙ্গে দারিদ্র্যের সরাসরি সম্পর্ক নেই। কানাডার মতো উন্নত দেশেও অনেকেরই পুষ্টি সম্পর্কে ধারণা নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির প্রতিষ্ঠাতা উপাচার্য মো. আলিমউল্যা মিয়ান।