সুষম সার ব্যবহার ৮০ শতাংশ উৎপাদন বাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিমিত পরিমাণে এবং উন্নত মানের সার ব্যবহার করলে দেশের ফসলের উৎপাদন ৮০ শতাংশেরও বেশি বাড়বে। এর ফলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সার ব্যবহারের ব্যাপারে কৃষকদের সচেতন করার জন্য কাজ করতে হবে। নিম্নমানের ও ভেজাল সার যাতে বিক্রি না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সক্রিয় হতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল কাদেরের এক চলমান গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ক্যাটালিস্ট এবং সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাফকো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত কৃষিতে সুষম সারের ব্যবহার শীর্ষক ওই বৈঠকে কৃষিবিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, ‘আমাদের প্রতিবছর ১৬ বর্গকিলোমিটার করে ভূমি বাড়ছে কিন্তু জনসংখ্যা বাড়ছে ২২ লাখ করে। অন্যদিকে বছরে ৬৬ হাজার হেক্টর করে কৃষিজমি অকৃষি খাতে চলে যাচ্ছে। এর ফলে সীমিত জমিতে বেশি খাদ্য উৎপাদনের দিকেই আমাদের নজর দিতে হবে। এ ক্ষেত্রে সুষম সার ব্যবহার অন্যতম কার্যকর উপায় হতে পারে।’
বৈঠকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এম শহিদুল ইসলাম বলেন, কোন জমিতে ও ফসলে কোন সার কী পরিমাণে দিতে হবে, সে সম্পর্কে মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার একটি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনা বেশ আগের তৈরি, এ মন্তব্য করে তিনি তা পরিবর্তিত পরিস্থিতির আলোকে তৈরির জন্য সুপারিশ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের প্রধান চৈতন্য কুমার দাস বলেন, দাম কমানোর ফলে আগের চেয়ে সারের ব্যবহার সুষম হয়েছে।
ডেইলি স্টার-এর অ্যাসাইনমেন্ট এডিটর রিয়াজ আহমেদের সঞ্চালনায় বৈঠকে বেসরকারি খাতের উদ্যোক্তারাও বক্তব্য দেন।