সুষমাও বললেন, তিস্তা চুক্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, তিস্তা নিয়ে যে চুক্তি হবে তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, তাঁর মত নিয়েই হবে। আজ রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নরেন্দ্র মোদি-সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের খতিয়ান দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মোদি ৬ জুন দুদিনের সফরে ঢাকা সফর করবেন।
এর আগে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদি বাংলাদেশ সফরে তিস্তার পানি চুক্তির বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। তাঁর সফরে যৌথ বিবৃতিতেও তিস্তার বিষয়টি উল্লেখ থাকবে না।

প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের সঙ্গী হতে রাজি হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন কি না এবং তিস্তা চুক্তির সম্ভাবনা কতটা সেই প্রশ্ন করা হয় সুষমা স্বরাজকে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ঠিক যে ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশে যেতে রাজি হয়েও মমতা শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার তেমন হওয়ার কোনো আশঙ্কা নেই। মমতা ঢাকা যাবেন এবং বিভিন্ন চুক্তির সময় উপস্থিতও থাকবেন। এ কথা বলার পরেই পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো চুক্তি হবে না। তিনি বলেন, চুক্তি শুধু দুটি দেশের মধ্যেই হয় না। রাজ্যের ভূমিকাও থাকে। মমতাকে অন্ধকারে রেখে কিছু করা হবে না। তাঁর সঙ্গে কথা বলেই হবে।
সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া কথাবার্তায় সুষমা জানান, এই সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা যাবেন না। মমতা গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় গিয়ে তিস্তা নিয়ে তাঁর ওপর ভরসা রাখতে বলেছিলেন, সে কথাও পররাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন।
ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেন, এটা মনে রাখতে হবে এই সফরের মূল ফোকাস সীমান্ত চুক্তি, তিস্তা নয়। প্রধানমন্ত্রী তা সত্ত্বেও তিস্তা প্রসঙ্গে কোনো আশার কথা শোনাবেন কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্রসচিব বলেন, আর কটা দিন অপেক্ষা করুন।
সংবাদ সম্মেলনে তিস্তা প্রসঙ্গ ছাড়াও দুই দেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর যৌথ ব্যবস্থাপনা সম্পর্কে বাংলাদেশের আগ্রহ ও ভারতের অভিমত জানতে চাওয়া হয়। জবাবে সুষমা স্বরাজ বলেন, তিস্তা নিয়ে আলোচনা এখনো সেই জায়গায় পৌঁছায়নি যাতে চুক্তি হতে পারে। তিনি বলেন, এটা ঠিক যে বাংলাদেশ ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন ও যৌথ ব্যবস্থাপনার কথা বলে আসছে। তিস্তার সঙ্গে এ নিয়েও কথা হবে। ইতিমধ্যে ভারতের জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই অভিন্ন নদী নিয়ে এক দফা কথা বলেছে। ভবিষ্যতেও হবে। নরেন্দ্র মোদির সফরে কোনো কোন ক্ষেত্রে চুক্তি হতে পারে সেই প্রশ্নের উত্তরে সুষমা বলেন, আর মাত্র একটা সপ্তাহ বাকি। অপেক্ষা করুন। দেখুন কোন কোনো ক্ষেত্রে চুক্তি হয়।
বাংলাদেশে থাকা আলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ নিয়ে কথা হবে। তিনি বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে অনুপ চেটিয়াকে পেতে অনেক সময় লাগবে। সে জন্য চেটিয়াকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হবে।