সুষমার সফরে ছিটমহল নিয়ে আলোচনার দাবিতে স্মারকলিপি
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরে ছিটমহল বিনিময় নিয়ে আলোচনার দাবিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি দেওয়া হয়।
আগামীকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ৬৭ বছর ধরে বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলোর বাসিন্দারা উভয় দেশের ভেতরে মৌলিক অধিকারবঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘদিন থেকে বিষয়টি সমাধানের জন্য ছিটমহলবাসী দুই দেশের উচ্চপর্যায়ে অনেক আবেদন-নিবেদন করছেন। তবে প্রতিশ্রুতি ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে তাঁরা দেখেননি।
স্মারকলিপিতে সুষমা স্বরাজের ঢাকা সফরের দ্বিপক্ষীয় আলোচনায় ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন তথা ২০১১ সালের ৬ সেপ্টেম্বর হাসিনা-মনমোহন প্রটোকল চুক্তির বিষয়ে আলোচনার দাবি জানানো হয়। এতে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করারও দাবি জানানো হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম স্মারকলিপিটি জেলা প্রশাসকের দপ্তরে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (বাংলাদেশ ইউনিট) সভাপতি মো. মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফাসহ অন্য নেতারা।
বাংলাদেশের লালমনিরহাট জেলার ভেতরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ৫৯টি এবং ভারতের কোচবিহার জেলার ভেতরে লালমনিরহাটের ৩৩টি বাংলাদেশি ছিটমহল রয়েছে।