
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের বেশ তাত্পর্য রয়েছে। দেশটিতে নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকারের প্রথম কোনো প্রতিনিধি ঢাকায় আসছেন। তিনি নরেন্দ্র মোদির মন্ত্রিসভার একজন ক্ষমতাধর সদস্যও। সুষমার সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে মোদি সরকারের একটি সম্পর্ক সৃষ্টির পথ তৈরি হবে।
এর আগে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাঁর ভারত সফরটি ছিল একটা আনুষ্ঠানিকতা। কিন্তু সুষমার সফরের সময়ই দুই দেশের মধ্যে হবে আসল কথাবার্তা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে সীমান্ত ও নদীর পানিবণ্টনের মতো সমস্যাগুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। আবার অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তাসহ সম্ভাবনার ক্ষেত্রগুলোও গুরুত্ব পাবে।
সুষমার এই সফরেই ঢাকার সঙ্গে দিল্লির বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে মনে হয় না। আমি তা মনে করি না। তেমনটা আশা করাও হবে অবাস্তব। তাঁর এই সফরের বড় অর্জন হবে—পারস্পরিক জানাশোনা। আমরা তাদের মনোভাব বুঝতে পারব। আমাদের মনোভাবও তারা বুঝতে পারবে। এর মধ্যে দিয়েই আগামী দিনে দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারিত হবে।
মোদি সরকার সার্ককে গুরুত্ব দিচ্ছেন। এ জন্য তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা তাঁদের প্রথম সফরটি ভুটানে করেছেন। সার্কভুক্ত দেশ হিসেবে এটা আমাদের জন্য ভালো বার্তা দিচ্ছে।
বিপুল সমর্থন নিয়ে নরেন্দ্র মোদি একটি শক্তিশালী সরকার গঠন করেছেন। তিনি চাইলে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান করতে সক্ষম হবেন বলেন আমি আশা করি।
ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক