সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মেরি হার্ফ বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাই আমরা। এই নির্বাচন যাঁরা পরিচালনা করছেন এবং এতে অংশ নিচ্ছেন, তাঁদের প্রতি আমরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। আমরা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের অবাধ মতপ্রকাশ ও প্রচারণাকালে জনসংযোগের অধিকার সুরক্ষার আহ্বান জানাচ্ছি, যাতে ভোটের দিন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।’
মেরি হার্ফ আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রত্যাশা, সব দল গণতান্ত্রিক চর্চা মেনে চলবে ও (নির্বাচনী পরিবেশে) কোনো ধরনের সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ থাকবে না। বাংলাদেশিদের প্রতি এ বার্তাই আমরা পাঠাচ্ছি।’
একজন কাউন্সিলর প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করা এবং বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের জামিন প্রশ্নে আদালতের বিভক্ত রায় নিয়ে অপর একটি প্রশ্নের জবাবে এই মার্কিন মুখপাত্র বলেন, ‘এ-সংক্রান্ত প্রকাশিত খবরাখবর আমি আজ (বৃহস্পতিবার) পড়ে দেখিনি। আমাদের টিম এ খবর পরীক্ষা করে দেখবে।’