সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে ভোটাররা
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মাগুরা পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা। নির্বাচন নিয়ে অন্তত ৩০ জনের সঙ্গে কথা বললে ২৬ জন তাঁদের এ সংশয়ের কথা জানান।
সদর উপজেলা পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে নয়টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত হয়। ১৯৯৩ সালে এটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। এখানে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৬৫ হাজার ৮৫৬ জন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম জাহিদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সরকারদলীয় লোকজন পাড়া-মহল্লার মুরব্বিদের ডেকে চাপ দিচ্ছেন, ভয়ভীতিও দেখাচ্ছেন। এখন ভোট নিয়েই আমাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।’ নিজেকে বিএনপির সমর্থক দাবি করে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক আবদুস সালাম বলেন, ‘বিএনপির ভোটাররা খুবই চাপের মধ্যে আছে। আওয়ামী লীগরা ভয়ভীতি দেখাচ্ছে। তারা নাকি বিএনপির ভোটারগের ইলেকশনের দিন ভোটকেন্দ্রে ঢুকতি দেবে না। তাই ইলেকশনের দিন কী হয় তা নিয়ে চিন্তায় আছি।’
৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বাসিন্দা ব্যবসায়ী খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারদলীয় নেতা-কর্মীরা মাঠে প্রকাশ্যে ভোট চাচ্ছেন। তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন। বিএনপিরা কাজ করছে গোপনে। তারা প্রকাশ্যে আসতে পারছে না।’
৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী পীযুষ বসাক বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমার মনে হয় না। বিএনপির লোকজনকে তো মাঠেই দেখছি না।’ তবে এ ওয়ার্ডের মহিলা কলেজপাড়ার বাসিন্দা গৃহবধূ গোলাপী বেগম মনে করেন, ‘ভোট ভালো হবে, সুষ্ঠু হবে।’ এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনপাড়ার বাসিন্দা রিকশাচালক রবিউল ইসলাম বলেন, ‘আমার মনে হয়, ভোট ভালোই হবে।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম আহমেদ বলেন, ‘আমরা সর্বাত্মকভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করছি।’