সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক কল্যাণ এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকসংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগসহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার সকালে ‘ঢাকা সামিট অন স্কিলস, এমপ্লয়াবিলিটি অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক, ২০১৬’ (দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শোভন কাজ) শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘উন্নয়ন সহযোগীগণ অতীতের মতো ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, নিয়োগযোগ্যতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ সৃষ্টিতে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখবেন।’
সরকার পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রেÿ শুধু প্রণোদনাই যথেষ্ট নয় বলে অভিমত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাকসহ আমাদের বেশির ভাগ পণ্য স্বল্প মজুরি, নিম্নমান, স্বল্পমূল্য ইত্যাদির ফাঁদে আটকে আছে। আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকে উন্নততর উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে পুনর্বিন্যাস করতে হবে। একই সঙ্গে আমাদের শিখতে হবে কী করে বর্তমান পণ্যসামগ্রীতে মূল্য সংযোজন করা যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল কর্মবিশ্বে উদ্ভাবন শক্তি, সৃজনশীলতা এবং কাস্টমাইজড উৎপাদনের ক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। তখনই কেবল বিশ্বব্যাপী পণ্য ও সেবার “সাপ্লাই চেইন”-এ আমরা নিজেদের টিকিয়ে রাখতে পারব। এই সত্যটি সামনে রেখে আমাদের শিক্ষার সঙ্গে দক্ষতাকে মিলিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালিক গাই রাইডার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বক্তৃতা করেন।
অন্যান্যের মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অব এম্পলয়ার্স (আইওই) মহাসচিব লিন্ডা ক্রোমজং, বিজেএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোই-পিয়েরে লারামি, বিশ্বব্যাংকের পরিচালক অমিত দার, ন্যাশনাল ওয়ার্কার্স কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান শাহ মো. আবু জাফর, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাহ উদ্দীন কাসেম খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাংলাদেশে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শিল্পায়নের ওপর অনুষ্ঠানে একটি ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিজনেস ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার গতকাল সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ সরকারের প্রণীত শ্রম আইনের ভূয়সী প্রশংসা করেন গাই রাইডার। তিনি বলেন, সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে বাংলাদেশে পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে।
শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে অধিক গুরুত্ব দিচ্ছে, যা একদিন সুফল বয়ে আনবে।