রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার কোর্ট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান আশরাফুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী আলী রমজান, আলী হুসাইন, অধরা মাধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পার হলেও সিফাত হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। ঘটনার পর সিফাতের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার অন্যতম আসামি সিফাতের শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া শুরু থেকেই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তাঁরা।