সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের নেতা আমিনুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ‘কমিটি অব জাস্টিস ফর আমিনুল ইসলাম’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।সংবাদ সম্মেলনের আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। আমিনুল হত্যার এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়ার আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম গত বছরের এপ্রিলে খুন হন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতা এ কে এম নাসিম বলেন, এক বছর হয়ে গেলেও আমিনুলের হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের কারণে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সুষ্ঠু ও যথাযথ তদন্তের মাধ্যমে আমিনুল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে শাস্তি প্রদান জরুরি।