সুষ্ঠু তদন্তে সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত যাতে সুষ্ঠু হয়, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি। এ জন্য আমরা সবার সহযোগিতা চাই।’গতকাল মঙ্গলবার রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরা সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে যাচ্ছেন। আমরা তাঁদের এ দাবিকে স্বাগত জানাই। তবে দাবির মোড়কে এমন কিছু করবেন না, যাতে তদন্ত বাধাগ্রস্ত হয়।’ গত সোমবার প্রকাশিত গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বৈরশাসক যখন ছিল, তখন মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো প্রতিবেদন আসেনি। এখন আসছে। আমরা এ প্রতিবেদনকে স্বাগত জানাই।’ তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি; আর এখন ১৬ কোটি। তাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কেবল সংখ্যার নিরিখে বিচার করলে হবে না।আসকের পর্যালোচনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘নৈরাশ্যজনক’ এবং মানবাধিকার পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়।