সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ধারের পর অপহরণ সম্পর্কে কোনো কথা বলছেন না মৃদুল চৌধুরী ও তাঁর স্বজনেরা। জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তারাও নীরব। তবে পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
তবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মৃদুল চৌধুরী যেসব তথ্য দিয়েছেন, তা যাচাই করা হচ্ছে। জবানবন্দি নেওয়ার জন্য আজ বুধবার তাঁকে আদালতে নেওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, মৃদুল চৌধুরীর ভাষ্যমতে, তাঁকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। যে ঘরে তাঁকে রাখা হয়েছে, ওই ঘরে অনেক ব্যক্তির কথা তিনি শুনেছেন। তাঁর ধারণা, মামলা করার কারণেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে মুক্ত হওয়ার পর শহরের রয়েল হাসপাতালে কড়া পাহারায় মৃদুল চৌধুরীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
হাসপাতালের চিকিৎসক আর এ হারুন রাসেল প্রথম আলোকে বলেন, মৃদুল চৌধুরীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় বড় ধরনের কোনো অসুবিধা পাওয়া যায়নি। ডায়াবেটিস একটু বেড়েছে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
গতকাল মঙ্গলবার হাসপাতালে মৃদুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফিরে আসতে পেরেছি, পত্রিকার লেখালেখির কারণে। জীবিত আসতে পেরেছি এটাই বড় পাওয়া।’ র‌্যাবের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার কারণে অপহরণ করে নির্যাতন করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। কিছু বুঝতে পারিনি।’
হাসপাতালে তাঁর পাশে থাকা স্ত্রী শেলী রানী চৌধুরী বলেন, ‘অপহরণকারী যে-ই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। আমার স্বামী তো কোনো দোষ করেনি।’ মামলার বাদী মৃদুল চৌধুরীর ছোট ভাই শিমুল চৌধুরীও একই মন্তব্য করেন।
১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ায় সময় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয়। এর আগে মৃদুল চৌধুরী ঢাকার সিএমএম আদালতে র‌্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে ৮০ ভরি স্বর্ণ লুটের মামলা করেন। অপহরণের ছয় দিন পর গত সোমবার ভোরে কুমিল্লার বুড়িচং কংসনগর এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় কে বা কারা মৃদুল চৌধুরীকে ফেলে রেখে চলে যায়।