চট্টগ্রামে পলিটেকনিক এলাকায় আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বর্তমানে ওই মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে মামলার প্রধান আসামি পিয়াস চাকমার বাবা লীলাময় চাকমা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার ছেলেসহ নিরপরাধ পাঁচ কিশোরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সামনে তাদের সবারই এসএসসি পরীক্ষা। আইনের মারপ্যাঁচে তাদের শিক্ষাজীবন ও ব্যক্তিজীবন শেষ হতে চলল। আমরা চাই মেয়েটিও সুস্থ হোক।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন খালেদের মা জামিলা জামান, জয়ের মা নাজমুন নাহার, পিউলের চাচা জাফরউল্লাহ প্রমুখ।অভিভাবকদের দাবি, অপরাধীদের চিহ্নিত করতে পারবে একমাত্র মেয়েটিই। অথচ এক মাস হয়ে গেলেও মেয়েটির কোনো জবানবন্দি নেওয়া হচ্ছে না। নিরপরাধীদের গ্রেপ্তার করেই রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন করে ১৬৪ ধারায় স্বিকারোক্তি আদায় করা হয়েছে। মেয়ের জবানবন্দি না নেওয়ায় নিরপরাধীরা সুষ্ঠু বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।পিয়াসের মা সুপ্রীতি চাকমা বলেন, ‘ঘটনার দিনই মেয়েকে হাসপাতালে দেখতে যাই। সে নিজেই সবার সামনে বলেছে যে পিয়াসের কোনো দোষ নেই। পিয়াস বরং তাকে বাঁচাতে গিয়ে বখাটেদের মার খেয়েছে।’সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে অভিভাবকেরা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও আইজিপির সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।