সুষ্ঠু তদন্তের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রী রোকেয়া খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ রোকেয়ার পরিবারের সদস্যরা অংশ নেন।মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ সজল কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিপু চৌধুরী, নিহত রোকেয়ার চাচা মতিয়ার রহমান, আজিজুল হক ও রোকেয়ার বোন হোসনে আরা বক্তব্য দেন। হোসনে আরা অভিযোগ করেন, বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে গত ২১ মে শাশুড়ি, ননদ ও স্বামী মিলে পরিকল্পিতভাবে রোকেয়াকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রোকেয়া খাতুনের সঙ্গে দামুড়হুদা উপজেলার হরিরামপুর গ্রামের মতিয়ার রহমানের গত ৬ মে বিয়ে হয়। গত শুক্রবার শ্বশুরবাড়ি থেকে রোকেয়ার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে গতকাল রোববার প্রথম আলোয় একটি খবর ছাপা হয়।