সুষ্ঠু নিবাচন নিয়ে সংশয় খুলনা জেলা বিএনপির
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে খুলনা জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় নেতারা এ সংশয় প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা জেলা ইউপি নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম। তিনি বলেন, মনোনয়নপত্র ছিনতাই, বিএনপির প্রার্থীদের বাড়িতে বাড়িতে হামলা, নির্বাচনী সভায় হামলা, নির্বাচনী কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া, প্রার্থীর গণসংযোগে অংশ নিতে বাধা, ভয়ভীতি প্রদর্শন, পোস্টার লাগাতে না দেওয়া ও ছিঁড়ে ফেলার বহু ঘটনা ঘটলেও কোনো প্রতিকার হয়নি। এসব ব্যাপারে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে স্মারকলিপি পেশসহ শতাধিক অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। বরং একাধিক প্রার্থী ও নির্বাচনী কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আহত চেয়ারম্যান প্রার্থী ও নির্বাচনী কর্মীরা হাসপাতালের বিছানায় থেকেও মিথ্যা মামলার আসামি হয়েছেন।