সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ চেষ্টা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে ইসির সদস্যরা মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে ইসির সদস্যরা মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিআইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সাংবিধানিক দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বাধীন কমিশন যথাসাধ্য চেষ্টা করেছে। তিনি বলেন, ‘যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের প্রতিশ্রুতি ছিল সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের। সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’

বঙ্গভবনে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে কাজী রকিবউদ্দীন এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। খবর বাসসের।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বিদায়ী কমিশনের সদস্যরা রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানান।

কাজী রকিবউদ্দীন বলেন, তাঁদের মেয়াদকালে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। সাবলীলভাবে সব নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার জন্য রাষ্ট্রপতিকে ও জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য বিদায়ী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। আবদুল হামিদ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ছাড়াও রাজনৈতিক দলসমূহ এবং জনগণের সহযোগিতা আবশ্যক।